রাতে কলা খেলে কি ঘুম ভালো হয় ও ওজন বাড়ে?

লাইফস্টাইল ৩ নভেম্বর ২০২৬ ৪৫৮৯

কলায় ট্রিপটোফ্যান ও ম্যাগনেশিয়ামের মতো উপাদান থাকলেও রাতে এটি খেলে সরাসরি ঘুম ভালো হওয়ার পর্যাপ্ত প্রমাণ নেই। পরিমিত পরিমাণে খেলে এটি ওজন বাড়ায় না।

রাতে কলা খেলে কি ঘুম ভালো হয় ও ওজন বাড়ে?

রাতে ঘুমানোর পূর্বে কলা খেলে ভালো ঘুম হয়—এমন একটি ধারণা রয়েছে। কলায় বিদ্যমান কিছু পুষ্টিকর উপাদান মানবদেহের স্বাভাবিক প্রক্রিয়ায় সাহায্য করে। এতে থাকা ট্রিপটোফ্যান নামের অ্যামাইনো অ্যাসিড শরীরে মেলাটোনিন ও সেরোটোনিন তৈরিতে সহায়তা করে, যা ঘুম নিয়ন্ত্রণে ভূমিকা রাখে। এছাড়া কলায় থাকা ম্যাগনেশিয়াম ও পটাশিয়াম পেশি শিথিল রাখতে সাহায্য করে এবং ভিটামিন বি৬ ও শর্করা রাতের ক্ষুধা দূর করে ঘুমে পরোক্ষ অবদান রাখে।

অনিদ্রায় ভোগা ২১ জন মানুষের ওপর করা ছয় সপ্তাহের একটি পর্যবেক্ষণে দেখা গেছে, ঘুমানোর আগে কলা খাওয়া ব্যক্তিদের ঘুমের মান কিছুটা উন্নত হয়েছিল। তবে গবেষকদের মতে, এটি মোট ঘুমানোর সময় উল্লেখযোগ্যভাবে বাড়ায়নি। তাছাড়া অংশগ্রহণকারীর সংখ্যা সীমিত থাকায় এর ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো কঠিন।

অনেকের মধ্যে রাতে কলা খেলে ওজন বৃদ্ধির ভয় থাকে। তবে কেবল রাতে একটি কলা খাওয়ার জন্য ওজন বাড়ে না। শরীরের ওজন মূলত সারাদিনে গৃহীত মোট ক্যালরির ওপর নির্ভর করে। একটি মাঝারি আকারের কলায় প্রায় ১০৫ ক্যালরি, ২৭ গ্রাম শর্করা ও ৩ গ্রাম আঁশ থাকে। তাই রাতের হালকা ক্ষুধা মেটাতে এটি একটি স্বাস্থ্যকর বিকল্প হতে পারে।

চিকিৎসকদের মতে, ভালো ঘুমের জন্য কেবল কলার ওপর নির্ভর না করে সঠিক অভ্যাস গড়ে তোলা জরুরি। প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমানো, শোবার ঘর শান্ত রাখা, সন্ধ্যায় ক্যাফেইন না খাওয়া এবং ঘুমানোর আগে ডিজিটাল ডিভাইস থেকে দূরে থাকা উচিত। কলা পুষ্টিকর খাবার হলেও তা অনিদ্রার চিকিৎসার বিকল্প নয়।

আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন