ব্রুকলিনে অনুষ্ঠিত হলো মুনা সোশ্যাল সার্ভিসের দিনব্যাপী কমিউনিটি ফেস্ট

কমিউনিটি নিউজ ৬ আগস্ট ২০২৬ ২৮১৩

যুক্তরাষ্ট্রের ব্রুকলিনে অনুষ্ঠিত মুনা সোশ্যাল সার্ভিসের কমিউনিটি ফেস্টে বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠায় ইসলামী মূল্যবোধ অনুসরণের আহ্বান জানিয়েছেন সংগঠনটির নেতারা। আমন্ত্রিত অতিথিসহ কয়েক হাজার মানুষ এতে যোগ দেন।

ব্রুকলিনে অনুষ্ঠিত হলো মুনা সোশ্যাল সার্ভিসের দিনব্যাপী কমিউনিটি ফেস্ট

নিউ ইয়র্কের ব্রুকলিনস্থ বাইতুল মামুর প্রাঙ্গণে শনিবার উৎসবমুখর পরিবেশে মুসলিম উম্মাহ অব নর্থ আমেরিকা (মুনা) সোশ্যাল সার্ভিসের উদ্যোগে দিনব্যাপী এক কমিউনিটি ফেস্ট অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১টায় পাইন ও ক্রিসেন্ট স্ট্রিট সংলগ্ন এলাকায় বর্ণাঢ্য এই আয়োজনের আনুষ্ঠানিক সূচনা ঘটে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মুনার সভাপতি ইমাম দেলোয়ার হোসাইন বিশ্বজুড়ে চলমান অস্থিরতা, সংঘাত ও পারিবারিক অবক্ষয় রোধে ইসলামী অনুশাসন মেনে চলার ওপর জোর দেন। তিনি বলেন, মানবকল্যাণে স্থায়ী শান্তি ফিরিয়ে আনতে ও তরুণ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে ধর্মীয় মূল্যবোধ অনুশীলনের বিকল্প নেই। যুক্তরাষ্ট্রে বসবাস করলেও সৃষ্টিকর্তার প্রতি দায়িত্ব না ভুলে সবাইকে একযোগে সামাজিক সেবামূলক কর্মকাণ্ডে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

মুনা সোশ্যাল সার্ভিসের সভাপতি শাফায়েত উল্লাহর সভাপতিত্বে শেষ পর্বের আলোচনায় মুনার সাধারণ সম্পাদক আরমান চৌধুরী ও সহকারী নির্বাহী পরিচালক আব্দুল্লাহ আল আরিফ বক্তব্য প্রদান করেন। এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় কংগ্রেস প্রার্থী ক্লেয়ার বেলডেজ, কাউন্সিল সদস্য সানডি নার্জি, ডেমোক্রেটিক অ্যাসেম্বলি প্রার্থী ডেভিড অর্কিন, নিউ ইয়র্ক পুলিশ বিভাগের ডেপুটি কমিশনার এলডেন ফস্টার, ডেপুটি ইন্সপেক্টর ডিয়ন হিন্স এবং মেয়র দপ্তরের প্রতিনিধিসহ বেশ কয়েকজন আমন্ত্রিত অতিথি অংশ নেন।

দিনব্যাপী এই আয়োজনে শিশু-কিশোরদের জন্য হরেক রকমের রাইড এবং ইসলামিক সাংস্কৃতিক পরিবেশনা রাখা হয়। অতিথিদের মাঝে তরমুজ, লিচুর মতো ফল ও পানীয় সরবরাহের পাশাপাশি বইয়ের স্টল থেকে বিনামূল্যে ধর্মীয় বই দেওয়া হয়। দুপুর ২টা থেকে প্রায় আড়াই থেকে তিন হাজার দর্শনার্থীর মাঝে অত্যন্ত সুশৃঙ্খলভাবে দুপুরের খাবার বিতরণ করা হয়।

আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন