ফরিদপুরে আটজন কৃষি উদ্যোক্তাকে অনুদান ও সরঞ্জাম প্রদান
ফরিদপুরে কৃষি উৎপাদন বৃদ্ধি ও উদ্যোক্তাদের স্বাবলম্বী করার লক্ষ্যে আটজনের মধ্যে অনুদান ও প্রযুক্তিগত সরঞ্জাম বিতরণ করেছে এসডিসি। মঙ্গলবার পিকেএসএফের কারিগরি সহায়তায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কৃষি উৎপাদন বৃদ্ধি এবং গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করার লক্ষ্যে ফরিদপুরে আটজন উদ্যোক্তার মাঝে অর্থ ও সরঞ্জাম হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার দুপুর দুইটায় ফরিদপুর সদর শাখায় সোসাইটি ডেভেলপমেন্ট কমিটি (এসডিসি) এ কর্মসূচির আয়োজন করে। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের কারিগরি ও অর্থ সহায়তায় সংস্থাটির ‘এগ্রো-মাইক্রোএন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট ইউনিট’ প্রকল্পের আওতায় এ অনুদান দেওয়া হয়।
অনুদানপ্রাপ্তদের মধ্যে উচ্চফলনশীল জাতের ফসল উৎপাদনে তিনজন এবং প্রতিকূল আবহাওয়া সহনশীল শস্য চাষের জন্য একজনকে নির্বাচন করা হয়। এছাড়া দুজন মানসম্মত পেঁয়াজ বীজ তৈরি, একজন আন্তঃফসল চাষ এবং অন্যজন পরিবেশবান্ধব উপায়ে সারা বছর শস্য ফলানোর কার্যক্রমের অংশ হিসেবে এ সহায়তা পান। এ সময় উদ্যোক্তাদের হাতে শাকসবজি ও ফসলের বীজ, ফলের চারা, জৈব বালাইনাশক, সার, সিমেন্টের খুঁটি, সাইনবোর্ড ও রেজিস্টার খাতা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসডিসির নির্বাহী পরিচালক কাজী আশরাফুল হাসান উপস্থিত থেকে উপকরণ তুলে দেন। এ সময় সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তা ইরানি সাদেক, ডা. বিপ্লব কুমার মোহন্ত, কৃষি কর্মকর্তা সুমাইয়া হাসান ও সাজিদ আহমেদ উপস্থিত ছিলেন। আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারে উদ্যোক্তাদের দক্ষ করে তোলা ও টেকসই কৃষি প্রবৃদ্ধি অর্জনই এ উদ্যোগের প্রধান উদ্দেশ্য।
