দেশে মানসম্মত মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক সচেতনতার তাগিদ

বাংলাদেশ ৩ নভেম্বর ২০২৬ ২৯৯৮

দেশে মানসিক স্বাস্থ্যসেবা সহজলভ্য করা ও সামাজিক কুসংস্কার দূর করতে সমন্বিত উদ্যোগের আহ্বান জানানো হয়েছে। ঢাবিতে আয়োজিত সেমিনারে বক্তারা শিশু-কিশোরদের মানসিক সমস্যার মূল কারণ চিহ্নিত করার ওপর জোর দেন।

দেশে মানসম্মত মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক সচেতনতার তাগিদ

বাংলাদেশে মানসিক চিকিৎসা সেবার মানোন্নয়ন ও কুসংস্কার বর্জনে সর্বস্তরে সচেতনতা সৃষ্টির তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। তারা মনে করেন, সবার কাছে মানসম্মত চিকিৎসাসেবা পৌঁছে দিতে সমন্বিত পদক্ষেপ অত্যন্ত জরুরি। বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে 'এনশিউরিং কোয়ালিটি মেন্টাল হেলথ সার্ভিসেস ইন বাংলাদেশ' শীর্ষক এক জাতীয় সেমিনারে অতিথিরা এসব কথা বলেন। অনুষ্ঠানটির মূল প্রতিপাদ্য ছিল 'লিভড এক্সপেরিয়্যান্স হিয়ারড: রিয়েল ভয়েসেস, রিয়েল চেইঞ্জ'।

যৌথভাবে এই আলোচনার আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ, বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটি (বিসিপিএস) এবং উইনরক ইন্টারন্যাশনাল। এতে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক সহকারী ডা. এস এম জিয়া উদ্দিন হায়দার জানান, বর্তমানে দেশের প্রায় ১৮ শতাংশ প্রাপ্তবয়স্ক এবং ১৩ শতাংশ শিশু মানসিক সমস্যায় ভুগছে। প্রযুক্তিনির্ভরতা, সামাজিক পরিবর্তন ও আধুনিক জীবনযাত্রার প্রভাবে কমবয়সীদের মাঝে একাকিত্ব বাড়ছে। তাই সমস্যার মূল কারণ উদঘাটন করে শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ পরিবেশ গড়ার তাগিদ দেন তিনি। পাশাপাশি মানসিক স্বাস্থ্যবিষয়ক গবেষণার সুফল যেন সাধারণ মানুষের কাছে পৌঁছে, সে বিষয়ে সরকার ও বিশ্ববিদ্যালয়কে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।

সম্মানিত অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আল মোজাদ্দেদী আল ফেছানী মানুষের পারস্পরিক যোগাযোগ ও দায়বদ্ধতা কমে যাওয়ার বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, সামাজিক সম্প্রীতি বাড়াতে বিচ্ছিন্নতা দূর করা প্রয়োজন। এছাড়া পর্যাপ্ত মনোরোগ বিশেষজ্ঞ ও প্রশিক্ষিত কর্মী তৈরির মাধ্যমে নারী এবং প্রান্তিক জনগোষ্ঠীসহ সকলের জন্য মানসিক সেবা সহজলভ্য করার ওপর তিনি জোর দেন।

ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের প্রধান ড. মো. শাহানূর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানটিতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিসিপিএস সভাপতি অধ্যাপক ড. এম. কামরুজ্জামান মজুমদার। সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উইনরক ইন্টারন্যাশনালের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ দীপ্তা রক্ষিত।

আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন