বগুড়ায় বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

বাংলাদেশ ২২ অক্টোবর ২০২৬ ৪৬২৬
বগুড়ায় বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

এম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে :

ঢাকের বাদ্য, ভক্তদের উলুধ্বনির আর বিদায়ের করুণ সুরের মধ্য দিয়ে বগুড়ায় শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব। ভক্তদের বিশ্বাস বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্যলোক থেকে স্বামীগৃহ কৈলাসে ফিরে গেছেন দেবীদুর্গা।

(২১ অক্টোবর বুধবার ) বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বগুড়া শহরের এসপি ব্রীজ এলাকায় করতোয়া নদীর ঘাটসহ বিভিন্ন ঘাটে প্রতিমা বিসর্জন দেন সনাতন ধর্মাবলম্বীরা।

এর আগে সকালে বিজয়া দশমীর আনুষ্ঠানিকতা শেষে বিকাল থেকে শুরু হয় প্রতিমা বিসর্জন। শহরের বিভিন্ন পূজামণ্ডপ থেকে ট্রাক ও ভ্যানে করে প্রতিমা নিয়ে ভক্তরা আসেন করতোয়া নদীর এসপি ব্রীজ, চাষীবাজার, ভাটকান্দি ব্রীজ, মালতীনগর, দত্তবাড়ী, ফুলবাড়ী, মাটিডালী ঘাটে। সেখানে পুরোহিতের মন্ত্রপাঠের মধ্য দিয়ে প্রতিমা বিসর্জন দেওয়া হয়।

বিসর্জন ঘিরে উৎসবের আবহ থাকলেও নদী ও আশপাশের সড়কে ছিল বাড়তি সতর্কতা। ঘাটে মানুষের ভিড় এবং সড়কে শোভাযাত্রা নির্বিঘ্ন রাখতে দায়িত্ব পালন করছেন বগুড়ার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। জেলায় এবছর ৭৩১টি পূজা মন্ডপে শারদীয় দুর্গাপূজার আয়োজন করা হয়।

গত শুক্রবার ষষ্ঠী তিথিতে বোধন ও অধিবাসের মধ্য দিয়ে দুর্গোৎসব শুরু হয়। ছয় দিন ধরে বগুড়ার বিভিন্ন পূজামণ্ডপে পূজা-অর্চনা ও নানা ধর্মীয় আনুষ্ঠানিকতা চলে। বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয় এবারের আয়োজন।

বিসর্জনের আগে বিভিন্ন পূজামণ্ডপে সকাল থেকে চলে সিঁদুর খেলা। ঢাকের বাদ্য, শঙ্খধ্বনি আর ভক্তদের প্রার্থনায় মুখর হয়ে ওঠে মণ্ডপগুলো। দেবীকে বিদায় জানানোর সময় অনেক ভক্তকে আবেগাপ্লত হতে দেখা যায়।

সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দেবী দুর্গা কৈলাসে স্বামীর গৃহে ফিরে যান। এক বছর পর আবারও তিনি আসবেন মর্ত্যে। দেবীর আগমনের অপেক্ষায় থেকেই ভক্তরা প্রার্থনা করেন, পৃথিবী থেকে অশুভ শক্তির বিনাশ হোক, সবার জীবন হয়ে উঠুক সুখ ও শান্তিময়।

সনাতন ধর্মাবলম্বীরা জানান, গতবারের তুলনায় এবার অনেক নিরাপত্তায় এই আয়োজন সমাপ্তি হয়েছে। কোন প্রকার সমস্যার সম্মুখীন তাদের হতে হয়নি। খুব সুন্দর ভাবে তারা তাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পালন করতে পেরেছেন।

বগুড়া জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি পরিমল চন্দ্র দাস বলেন, দুর্গাপূজা কেবল একটি ধর্মীয় উৎসব নয়, এটি বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্যেরও গুরুত্বপূর্ণ অংশ। এই উৎসব হিন্দু সম্প্রদায়ের পাশাপাশি অন্য ধর্মের মানুষকেও একত্রিত করে, যা দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের ঐতিহ্যকে তুলে ধরে।

তিনি বলেন বগুড়ায় এবছর সব মণ্ডপে শান্তিপূর্ণভাবে দূর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, রাজনৈতিক ব্যক্তিত্বসহ সবার সার্বিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি।

ছবিতে দেখুন

বগুড়ায় বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব
বগুড়ায় বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব
বগুড়ায় বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব
আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন