চীনে চিকিৎসাধীন সাংবাদিক চাষি রমজান অবস্থা উন্নতির দিকে, সবার কাছে দোয়া কামনা

মোহাম্মদ আবদুল্লাহ
চীনে চিকিৎসাধীন চুয়াডাঙ্গার জীবননগর সাংবাদিক সমিতির সহসভাপতি ও জীবননগর প্রেসক্লাবের সিনিয়র সদস্য এবং বিশিষ্ট ফল-সবজি চাষি রমজানের শারিরীক অবস্থা উন্নতির দিকে। দুরারোগ্য ব্যাধি ক্যানসারের সঙ্গে লড়াই করে সুস্থ হয়ে আবারও প্রিয় মানুষগুলোর মাঝে ফিরে আসার স্বপ্ন দেখছেন তিনি। তিনি বর্তমানে চীনের গুয়াংজুতে চিকিৎসাধীন রয়েছেন।
জানা গেছে, চাীনে চিকিৎসার উদ্দেশ্যে চলতি অক্টোবর মাসের ১ তারিখ বেলা ১টা ১৫ মিনিটের ফ্লাইটে যাত্রা করেন তিনি। বর্তমানে চীনের মডার্ন ক্যান্সার হসপিটাল গুয়াংজুতে চিকিৎসা নিচ্ছেন। হাসপাতালের অনকোলজি বিভাগের প্রধান পরিচালক উ ওয়েই (Wu Wei) এবং সহকারী চিকিৎসক ওয়াং জিয়েরুর (Wang Jieru) অধীনে চলছে তাঁর চিকিৎসা।
চাষি রমজান ও তার পরিবার জানিয়েছেন, তাঁকে আধুনিক চিকিৎসাপদ্ধতি ‘মাইক্রো অ্যাবলেশন থেরাপি’ দেওয়া হচ্ছে, যা রোবটের সহায়তায় সম্পন্ন করা হয়। চিকিৎসা শেষে আগামী ২৮ অক্টোবর দেশে ফেরার ইচ্ছা রয়েছে তাঁর। তবে সবকিছুই মহান আল্লাহর ইচ্ছা ও চিকিৎসার অগ্রগতির ওপর নির্ভর করছে।
এর আগে গত সেপ্টেম্বর মাসে চীনে নেওয়ার প্রস্তুতির সময় সাংবাদিক চাষি রমজান হৃদরোগে আক্রান্ত হন। পরে তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে হার্টে রিং পরানো হয়। এর আগে ২০২৫ সালে টিউমার অপারেশনের পর চাষি রমজানের ক্যান্সার ধরা পড়ে। তিনি দীর্ঘদিন এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নেন এবং কেমো থেরাপি দেন। এরপর তিনি কিছুটা সুস্থ হয়ে জীবননগরের বাসায় ফেরেন। তবে পরে তার মাথায় সিষ্ট ধরা পড়ে। এরপর ঢাকায় চিকিৎসার জন্য গেলে তিনি হৃদরোগ আক্রান্ত হন। পরে চিকিৎসা নিয়ে ১ অক্টোবর চীনে উন্নত চিকিৎসার জন্য রওনা দেন।
সাংবাদিকতার পাশাপাশি কৃষিকাজেও রয়েছে রমজানের পরিচিতি। এলাকার একজন বিশিষ্ট ফল ও সবজি চাষি হিসেবে তিনি দীর্ঘদিন ধরে পরিচিত। মানুষের সঙ্গে মিশে, সংবাদকর্মী হিসেবে দায়িত্ব পালন করে এবং কৃষির সঙ্গে যুক্ত থেকে গড়ে উঠেছে তাঁর জীবনের পথচলা। সেই পরিচিত মুখটি আজ নিজের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চাইছেন।
জীবনের এই কঠিন সময়ে আবেগঘন বার্তায় তিনি অতীতের কোনো ভুলত্রুটি কিংবা কারও প্রতি অনিচ্ছাকৃত অন্যায় হয়ে থাকলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানিয়েছেন। তিনি বলেন, মানুষের জীবনে ভুল হতে পারে; তাই কারও মনে কষ্ট দিয়ে থাকলে তিনি ক্ষমাপ্রার্থী। সবার ভালোবাসা, ক্ষমা ও দোয়া নিয়েই তিনি সুস্থ হয়ে দেশে ফিরতে চান।
প্রিয়জনদের সান্নিধ্যে ফিরে আসার প্রত্যাশায় দিন গুনছেন রমজান। চিকিৎসার এই লড়াইয়ে তাঁর সবচেয়ে বড় শক্তি হয়ে উঠতে পারে মানুষের ভালোবাসা, সহমর্মিতা ও আন্তরিক দোয়া।
সাংবাদিক রমজানের প্রত্যাশা, মহান আল্লাহ যেন তাঁকে দ্রুত সুস্থতা দান করেন এবং চিকিৎসা শেষে নিরাপদে প্রিয় মাতৃভূমিতে ফিরে আসার তৌফিক দেন। তিনি সবার কাছে তাঁর সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।
