নাটোরের ঐতিহ্য বিশ্বমঞ্চে তুলে ধরতে সরকারের বিশেষ উদ্যোগ: পর্যটন মন্ত্রী
বিশ্বজুড়ে নাটোরের ঐতিহাসিক ঐতিহ্য ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা প্রকাশ করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম। একইসঙ্গে দেশের পর্যটনকেন্দ্রগুলোকে বিশেষ হাব হিসেবে গড়ার কথা জানান তিনি।

নাটোরের ঐতিহাসিক সমৃদ্ধিকে বিশ্বদরবারে পরিচিত করার লক্ষ্য নিয়ে কাজ শুরু করছে সরকারের পর্যটন দপ্তর। শনিবার সকালে নাটোরের রানি ভবানী রাজবাড়ি সফর শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম।
মন্ত্রী জানান, শুধু নাটোরই নয়, সমগ্র দেশের যেসব এলাকায় পর্যটনের সম্ভাবনা রয়েছে, সেগুলো জনপ্রিয় করে তুলতে সরকার ইতোমধ্যে তৎপরতা শুরু করেছে। এরই অংশ হিসেবে সারাদেশে প্রায় ১ হাজার ৪৯৮টি দর্শনীয় স্থান শনাক্ত করা হয়েছে। এসব স্থানকে ধাপে ধাপে পর্যটন কেন্দ্রে রূপান্তরিত করার পরিকল্পনা রয়েছে। পর্যটকদের সুবিধা নিশ্চিত করতে এসব কেন্দ্রে আধুনিক থাকার ব্যবস্থা ও চিকিৎসাসেবাসহ প্রয়োজনীয় বিভিন্ন সুযোগ-সুবিধা অন্তর্ভুক্ত করা হবে।
পর্যটন সম্ভাবনার বাস্তব অবস্থা সরেজমিনে দেখতে মন্ত্রী দুই দিনের সফরে শুক্রবার নাটোরে পৌঁছান। সফরের প্রথম দিনে তিনি মিনি কক্সবাজার নামে পরিচিত হালতি বিল ও ঐতিহ্যবাহী উত্তরা গণভবন ঘুরে দেখেন। রাজবাড়ি পরিদর্শনকালে তার সাথে উপস্থিত ছিলেন নাটোর-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. সামীমুজ্জামান, জেলা পরিষদ প্রশাসক রহিম নেওয়াজ এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবুল হায়াত।
