যুক্তরাজ্যের নাগরিক হিসেবে এপিএলের ড্রাফটে মোহাম্মদ আমির

খেলা ৩ নভেম্বর ২০২৬ ৩১০৯

ব্রিটিশ নাগরিকত্ব পাওয়ায় আফগানিস্তান প্রিমিয়ার লিগের ড্রাফটে যুক্তরাজ্যের খেলোয়াড় হিসেবে জায়গা পেয়েছেন মোহাম্মদ আমির। ফলে এই টুর্নামেন্টে খেলতে তার পিসিবির অনুমতির বাধ্যবাধকতা থাকছে না।

যুক্তরাজ্যের নাগরিক হিসেবে এপিএলের ড্রাফটে মোহাম্মদ আমির

আফগানিস্তান প্রিমিয়ার লিগের (এপিএল) খেলোয়াড় ড্রাফটে স্থান পেয়েছেন পাকিস্তানের সাবেক পেসার মোহাম্মদ আমির। দুবাইয়ে মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাওয়া ক্রিকেটার নির্বাচনের তালিকায় তাকে যুক্তরাজ্যের নাগরিক হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। ৩৪ বছর বয়সি এই অভিজ্ঞ বাঁহাতি বোলারকে ড্রাফটের সর্বোচ্চ 'প্লাটিনাম' ক্যাটাগরিতে রাখা হয়েছে।

বর্তমানে ইংল্যান্ডের বাসিন্দা আমির ইতোমধ্যে ব্রিটিশ নাগরিকত্ব অর্জন করেছেন। এই কারণে এপিএলে মাঠে নামার ক্ষেত্রে তার পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) অনাপত্তিপত্র বা এনওসির ওপর নির্ভর করতে হচ্ছে না। আফগানিস্তান ও পাকিস্তানের রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে টুর্নামেন্টটিতে পাকিস্তানি খেলোয়াড়দের অংশ নেওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও আমিরের বিষয়টি আলাদা।

আসন্ন ড্রাফটে ফখর জামান, সাইম আইয়ুব, হাসান আলী, শান মাসুদ, আবদুল্লাহ শফিক, ফাহিম আশরাফ ও ইমাদ ওয়াসিমসহ ৩০ জনের বেশি পাকিস্তানি ক্রিকেটার নিবন্ধিত হয়েছেন। তবে তাদের অনুমতি দেওয়ার সম্ভাবনা নেই বললেই চলে বলে ক্রিকেট বোর্ড সূত্রে জানা গেছে। এছাড়া আফগানিস্তান ক্রিকেট বোর্ডও (এসিবি) নিশ্চিত করেছে যে, পিসিবির ছাড়পত্র ছাড়া কোনো পাকিস্তানি খেলোয়াড় টুর্নামেন্টে অংশ নিতে পারবেন না।

সংক্ষিপ্ত তালিকার ৪৬২ জন ক্রিকেটারের মধ্যে আন্তর্জাতিক ও আইপিএল ক্রিকেট থেকে বিদায় নেওয়া ভারতের কয়েকজন প্রাক্তন খেলোয়াড়ও স্থান পেয়েছেন। 'গোল্ড' ক্যাটাগরিতে থাকা বিজয় শঙ্কর, শ্রীকর ভরত ও মুরুগান অশ্বিনের মধ্যে শ্রীকর ভরত সংযুক্ত আরব আমিরাতের নাগরিক হিসেবে নাম লিখিয়েছেন। ভারতীয় বংশোদ্ভূত অন্য ক্রিকেটারদের মধ্যে যুক্তরাষ্ট্রের উন্মুক্ত চাঁদ, ওমানের অয়ন খান এবং সংযুক্ত আরব আমিরাতের রাহুল চোপড়াও রয়েছেন।

ইউকে পাসপোর্ট থাকার ফলে ভবিষ্যতে আইপিএলের নিলামেও আমিরের নাম ওঠার নতুন গুঞ্জন তৈরি হয়েছে। অতীতে একইভাবে ব্রিটিশ পাসপোর্ট ব্যবহার করে ২০১২ থেকে ২০১৫ সাল পর্যন্ত আইপিএলে খেলেছিলেন সাবেক পাকিস্তানি অলরাউন্ডার আজহার মাহমুদ। পাকিস্তানের জার্সিতে ৩৬টি টেস্ট, ৬১টি ওয়ানডে ও ৬২টি টি-টোয়েন্টি খেলা আমিরের সর্বশেষ ম্যাচ ছিল ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে আয়ারল্যান্ডের বিরুদ্ধে। চলতি বছরের শেষের দিকে এপিএলের আসরটি শুরু হওয়ার কথা রয়েছে।

আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন