আফগানিস্তান প্রিমিয়ার লিগের ড্রাফটে বাংলাদেশের ১০ ক্রিকেটার
আফগানিস্তান প্রিমিয়ার লিগের ২০২৬ মৌসুমের ড্রাফটে জায়গা পেয়েছেন বাংলাদেশের ১০ ক্রিকেটার। মঙ্গলবার দুবাইয়ে অনুষ্ঠিত হতে যাওয়া এই তালিকায় সাকিব, মুশফিক ও লিটনসহ বেশ কয়েকজন তারকা রয়েছেন।

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাচ্ছে আফগানিস্তান প্রিমিয়ার লিগের (এপিএল) ২০২৬ মৌসুমের খেলোয়াড় বাছাই বা ড্রাফট। এই তালিকায় বাংলাদেশের ১০ জন ক্রিকেটারের নাম অন্তর্ভুক্ত হয়েছে।
এক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ড্রাফটের প্লাটিনাম শ্রেণিতে রাখা হয়েছে মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেনকে। অন্যদিকে, ডায়মন্ড ক্যাটাগরিতে স্থান পেয়েছেন সাকিব আল হাসান। এ ছাড়া টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন দাসসহ তাওহিদ হৃদয়, শরীফুল ইসলাম ও নাহিদ রানাও এই তালিকায় রয়েছেন।
এই ড্রাফটে বাংলাদেশের খেলোয়াড়দের পাশাপাশি পাকিস্তানের ২৯ জন ও ভারতের ৩ জন ক্রিকেটার জায়গা পেয়েছেন। ভারতীয় তিন খেলোয়াড় হলেন বিজয় শঙ্কর, আয়ান খান এবং মুরুগান অশ্বিন। আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট থেকে বিদায় নেওয়ার পর ভারতীয় ক্রিকেটারদের বিদেশি লিগে খেলার সুযোগ থাকায় ৩৫ বছর বয়সী বিজয় শঙ্কর এখানে সুযোগ পেয়েছেন।
পাকিস্তানের ক্রিকেটারদের মধ্যে মোহাম্মদ রিজওয়ান, ফখর জামান, সাইম আইয়ুব, ইমাম-উল-হক ও নাসিম শাহর মতো পরিচিত তারকারা আছেন। দেশটির সাবেক পেসার মোহাম্মদ আমির যুক্তরাজ্যের অধিবাসী হিসেবে ড্রাফটে নিবন্ধিত হয়েছেন। পাশাপাশি ওমান, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্র, কেনিয়া ও কুয়েত থেকে ভারতীয় বংশোদ্ভূত বেশ কিছু খেলোয়াড়ও এতে অংশ নিচ্ছেন।
