নিউইয়র্কে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে প্রবাসীদের আলোচনা সভা অনুষ্ঠিত

কমিউনিটি নিউজ ৬ আগস্ট ২০২৬ ৩০৭২

বাংলাদেশের জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে নিউইয়র্কে আয়োজিত এক আলোচনা সভায় দ্রুত ‘জুলাই সনদ’ বাস্তবায়নের দাবি জানিয়েছেন প্রবাসীরা। কাফিজ কমিউনিটি হলে সভাটি আয়োজন করে এইচআরডিবি।

নিউইয়র্কে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে প্রবাসীদের আলোচনা সভা অনুষ্ঠিত

বাংলাদেশে চব্বিশের জুলাই অভ্যুত্থানের দুই বছর পূর্তি উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এক বিশেষ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্টজনরা অভ্যুত্থানের মূল দর্শন ও অঙ্গীকার বাস্তবায়নে 'জুলাই সনদ' দ্রুত কার্যকরের জোরালো দাবি তোলেন। মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড ডেভেলপমেন্ট ফর বাংলাদেশ (এইচআরডিবি)-র উদ্যোগে গত রোববার (২ আগস্ট) জ্যামাইকার কাফিজ কমিউনিটি হলে সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত এই আলোচনা অনুষ্ঠিত হয়।

সমাবেশে উপস্থিত বক্তারা বলেন, ২৪-এর অভ্যুত্থান কেবল রাষ্ট্রক্ষমতার পরিবর্তন ছিল না; বরং নাগরিকদের ভোটাধিকার, মানবাধিকার রক্ষা, স্বাধীন বিচারব্যবস্থা ও প্রাতিষ্ঠানিক জবাবদিহি নিশ্চিত করাই ছিল এর মূল উদ্দেশ্য। ছাত্র-জনতার অসামান্য ত্যাগের প্রতি সম্মান জানাতে সংস্কার কার্যক্রম দ্রুত সম্পন্ন করা জরুরি। এই প্রক্রিয়ায় বিলম্ব ঘটালে আন্দোলনকারী তরুণদের মাঝে ক্ষোভ ও অনাস্থার জন্ম হতে পারে বলে তাঁরা সতর্ক করেন। তাই পুরোনো দলীয়করণ ও স্বৈরাচারী সংস্কৃতির অবসান ঘটিয়ে নির্দিষ্ট আইনি ও সাংবিধানিক কাঠামো তৈরির আহ্বান জানানো হয়।

সভায় আলোচনা করেন শিক্ষাবিদ অধ্যাপক ড. মোহাম্মদ নকিবুর রহমান, এইচআরডিবির পরিচালক জিয়াউল ইসলাম শামীম, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি আব্দুল লতিফ সম্রাট, গবেষক খন্দকার কবির উদ্দীন, প্রবীণ ব্যক্তিত্ব ডা. মোহাম্মদ ওয়াজেদ এ খান এবং অধিকারকর্মী রওশন হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন নুরুল আনোয়ার এবং শুরুতে পবিত্র কুরআন থেকে পাঠ করেন ইমাম জুনায়েদ হোসাইন।

বক্তারা মত প্রকাশ করেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও গণতন্ত্র, সুবিচার ও সুষ্ঠু নির্বাচনের বিষয়ে একটি জাতীয় ঐকমত্য গড়ে তোলা প্রয়োজন। পাশাপাশি, বিশ্বমঞ্চে বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ার পক্ষে জনমত গঠনে প্রবাসীদের দায়িত্বশীল ভূমিকা রাখার তাগিদ দেওয়া হয়। সমাবেশ থেকে নিহতদের স্মরণ করার পাশাপাশি আহত ও ক্ষতিগ্রস্তদের উপযুক্ত পুনর্বাসন ও বিচারের দাবি জানানো হয়।

উল্লেখ্য, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মানবাধিকার ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কাজ করা সংগঠন এইচআরডিবি ২০২১ সালের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রে করমুক্ত অলাভজনক প্রতিষ্ঠানের স্বীকৃতি পায়। প্রায় দুই দশক আগে প্রবাসে গড়ে ওঠা এই সংগঠনটি সেমিনার ও নীতিগত প্রচারণার মাধ্যমে দেশে বিদ্যমান নিপীড়ন ও মৌলিক অধিকার লঙ্ঘনের বিষয়গুলো তুলে ধরে আসছে।

আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন