নিউইয়র্কে সুস্থ সংস্কৃতির বিকাশে হাডসন কালচার গ্রুপের পরিচিতি ও প্রীতিভোজ
নিউইয়র্কের জ্যাকসন হাইটসে ইসলামী সংগীতশিল্পী, সাহিত্যিক ও মিডিয়াকর্মীদের অংশগ্রহণে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সুস্থ সংস্কৃতি চর্চা ও দাওয়াহ প্রসারে হাডসন কালচার গ্রুপের রূপরেখা ঘোষণা করা হয়।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত মুনা সেন্টার অব জ্যাকসন হাইটসে গত মঙ্গলবার (২৮ জুলাই) ইসলামী সংগীতশিল্পী, কবি, লেখক ও মিডিয়াকর্মীদের নিয়ে এক প্রীতিভোজ ও পরিচিতি সভা আয়োজিত হয়। এই অনুষ্ঠানে নবগঠিত 'হাডসন কালচার গ্রুপ'-এর ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং সুস্থ ধারার সংস্কৃতি ও ইসলামী দাওয়াহ প্রসারে এর মূল লক্ষ্যসমূহ তুলে ধরা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুনা নর্থ জোনের প্রেসিডেন্ট মমিনুল ইসলাম মজুমদার এবং এটি পরিচালনায় ছিলেন আবুল হাশেম। শুরুতেই আতিকুল ইসলাম আতিকের পবিত্র কোরআন তেলাওয়াতের পর অতিথিরা পর্যায়ক্রমে নিজেদের পরিচয় উপস্থাপন করেন।
স্বাগত বক্তব্যে মমিনুল ইসলাম মজুমদার জানান, অপসংস্কৃতির নেতিবাচক প্রভাব মোকাবিলায় হাডসন কালচার গ্রুপ ইতিবাচক ও সুস্থ বিনোদন উপহার দেবে। এটি ইসলামের দাওয়াত ছড়িয়ে দেওয়ার অন্যতম কার্যকর মাধ্যম হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
প্রধান অতিথির বক্তব্যে প্রবীণ সাংবাদিক ও সাহিত্যিক সামসুল কাজী সংগঠনটির লক্ষ্য অর্জনে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান। এছাড়া এলমহার্স্ট চ্যাপ্টারের সভাপতি নাসির উদ্দিন আহমেদ বর্তমান সমাজে অপসংস্কৃতি প্রতিরোধে পরিবার ও সামাজিক আন্দোলনের ভূমিকার কথা তুলে ধরেন।
অনুষ্ঠানের শেষভাগে জনপ্রিয় ইসলামী সংগীতশিল্পী জীবন চৌধুরী মরহুম মতিউর রহমান মল্লিকের 'টিক টিক যে ঘড়ির কাঁটা' গানটি পরিবেশন করার পাশাপাশি নতুন শিল্পীদের জন্য সংক্ষিপ্ত একটি প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেন। সভায় মুনা জ্যাকসন হাইটস চ্যাপ্টারের সভাপতি মাওলানা ফখরুল ইসলাম এবং খতিব মাওলানা ওলিউর রহমান সিরাজীসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
