দ্বিতীয় পদ্মা, যমুনা সেতু ও ব্যারেজ পরিকল্পনা ত্বরান্বিত করার নির্দেশ
ওয়াই-আকৃতির দ্বিতীয় পদ্মা সেতু, রংপুর কেন্দ্রিক দ্বিতীয় যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণের কাজ ত্বরান্বিত করার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী সেপ্টেম্বরের মধ্যে এসব প্রকল্পের সমীক্ষা সম্পন্ন হওয়ার কথা।

দক্ষিণ-পশ্চিমাঞ্চল ও উত্তরাঞ্চলের সঙ্গে যোগাযোগব্যবস্থার গতি বাড়াতে ওয়াই-আকৃতির দ্বিতীয় পদ্মা সেতু, দ্বিতীয় যমুনা সেতু এবং পদ্মা ব্যারেজ সংক্রান্ত পরিকল্পনার কাজ দ্রুত এগিয়ে নেওয়ার তাগিদ দেওয়া হয়েছে। বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর ও মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে আয়োজিত এক সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান এই নির্দেশনা প্রদান করেন। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব শাহরিয়ার পামির বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন।
সভায় জানানো হয়, দুটি সেতুর ক্ষেত্রেই বর্তমানে সম্ভাব্যতা যাচাই প্রক্রিয়া চালু রয়েছে। আগামী বছরের সেপ্টেম্বর মাসে সমীক্ষার কাজ শেষ হওয়ার কথা রয়েছে। সমীক্ষা শেষ হলে সেতু দুটির সুনির্দিষ্ট স্থান, নকশা ও বাজেট চূড়ান্ত করা সম্ভব হবে। প্রস্তাবিত দ্বিতীয় পদ্মা সেতু চালু হলে রাজধানীর সাথে দক্ষিণ-পশ্চিমের জেলাগুলোর দূরত্ব কমার পাশাপাশি মোংলা সমুদ্রবন্দর, বেনাপোল ও দর্শনা স্থলবন্দরে বিকল্প যাতায়াত তৈরি হবে।
অন্যদিকে, রংপুরসহ সমগ্র উত্তরবঙ্গের যাতায়াত উন্নত করাকে অগ্রাধিকার দিয়ে প্রস্তাব করা হয়েছে দ্বিতীয় যমুনা সেতু। পাশাপাশি শুষ্ক মৌসুমে পানির অভাব মেটানো, কৃষি খাতের সমৃদ্ধি, নদীর স্বাভাবিক প্রবাহ বজায় রাখা ও ব্যারেজের ওপর দিয়ে যানবাহন চলাচলের বিষয়টি বিবেচনা করে পদ্মা ব্যারেজ নির্মাণ নিয়েও বিস্তৃত আলোচনা করা হয়। বৈঠকে সেতু, রেলপথ, নৌপরিবহন ও পানিসম্পদসহ সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং সচিবগণ হাজির ছিলেন। এতে প্রকল্পগুলোর অর্থায়ন, জমি অধিগ্রহণ ও পুনর্বাসনের মতো বিষয়গুলো সমন্বিতভাবে সম্পন্ন করার ওপর জোর দেওয়া হয়।
