জামায়াত আমিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন মালয়েশিয়ার হাইকমিশনার
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ সুহাদা ওসমান। বৈঠকে জ্বালানি সংকট ও রোহিঙ্গা প্রত্যাবর্তন নিয়ে আলোচনা করা হয়।

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সরকারি বাসভবনে তাঁর সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ সুহাদা ওসমান। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। মালয়েশিয়ার প্রতিনিধিদলে দূতাবাসটির প্রথম সচিব ফায়েজ বিন মোহাম্মদ মোখতার ও হাজওয়ান বিন হাসনল উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে উভয় দেশের অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে খোলামেলা আলোচনা হয়। এ সময় ঢাকা ও কুয়ালালামপুরের মধ্যকার দীর্ঘদিনের চমৎকার ও ঐতিহাসিক সম্পর্কের ধারা আরও বেগবান করা এবং দ্বিপক্ষীয় সহযোগিতার পরিধি বাড়ানোর গুরুত্ব তুলে ধরা হয়। সংসদে বিরোধী দল হিসেবে জামায়াতে ইসলামীর গঠনমূলক ভূমিকার প্রশংসা জানান মালয়েশিয়ার হাইকমিশনার। এছাড়া বাংলাদেশে দেখা দেওয়া জ্বালানি সংকট উত্তরণে মালয়েশিয়ার সম্ভাব্য ভূমিকা এবং মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গা নাগরিকদের স্বদেশে ফেরানোর বিষয়েও বৈঠকে বিস্তর কথা হয়।
উভয় দেশের শান্তি, অগ্রগতি ও পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার আশা প্রকাশ করা হয় এই বৈঠকে। উক্ত আলোচনায় বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান ও পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন।
