জামিনে মুক্ত আখতারুজ্জামানের সঙ্গে সাক্ষাতে সরকারের সমালোচনা করলেন জামায়াত আমির

রাজনীতি ৩ নভেম্বর ২০২৬ ৩০৩৫

কারামুক্ত সাবেক এমপি মেজর (অব.) আখতারুজ্জামানের সঙ্গে সাক্ষাতে সরকারের সমালোচনা করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, নিজেদের ব্যর্থতা আড়াল করতে বিরোধী দলের ওপর নির্যাতন চালানো হচ্ছে।

জামিনে মুক্ত আখতারুজ্জামানের সঙ্গে সাক্ষাতে সরকারের সমালোচনা করলেন জামায়াত আমির

কারাগার থেকে জামিনে মুক্তি পাওয়ার পর বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে দেখা করেছেন সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান। মঙ্গলবার দুপুরে অনুষ্ঠিত এই বৈঠকে জামায়াত আমির অভিযোগ করেন, নিজেদের পর্বতসম ব্যর্থতা ও অদক্ষতা ধামাচাপা দিতেই বিরোধী দলের ওপর দায় চাপানোর চক্রান্ত চলছে। তিনি হুঁশিয়ারি দেন, এসব অপকৌশল শেষ পর্যন্ত শাসকদের জন্যই কাল হয়ে দাঁড়াবে এবং সংকটকালে সুবিধাভোগীদের কাউকেই পাশে পাওয়া যাবে না।

ডা. শফিকুর রহমান পরামর্শ দেন, বিরোধী শিবিরের ওপর দমনপীড়ন বন্ধ করে সরকারের উচিত নিজেদের প্রশাসনিক অযোগ্যতা দূর করা। মানুষের কষ্ট দূর করা গেলে তারা সমর্থন পাবে, তবে স্বৈরাচারী কায়দায় ক্ষোভ চেপে দেওয়ার চেষ্টা করা হলে জনগণ আর তা মেনে নেবে না। কোনো ধরনের ফ্যাসিবাদের কাছে দেশবাসী নতিস্বীকার করবে না বলেও তিনি স্পষ্ট জানিয়ে দেন।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী ভোগান্তি ও অনিয়মের বিরুদ্ধে আখতারুজ্জামানের সোচ্চার ভূমিকার প্রশংসা করে জামায়াত প্রধান বলেন, তার সেই উদ্যোগের সুফল আজ সাধারণ মানুষ ও প্রবাসীরা পাচ্ছেন। বিমানবন্দরে ইতিমধ্যে ট্রলি সংকট কাটাতে নতুন ৩০০টি ট্রলি যোগ করা হয়েছে এবং মালামাল ব্যবস্থাপনায় যুক্ত কর্মীদের শরীরে বডি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এর ফলে এখন মাত্র ১৫ থেকে ২০ মিনিটের মধ্যেই যাত্রীরা লাগেজ হাতে পাচ্ছেন।

তিনি আরও বলেন, কোনো অপরাধ না করা সত্ত্বেও একজন বীর মুক্তিযোদ্ধার নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে। আদালত ও চেম্বার জজে তাকে নিয়ে টানাটানি করাকে অত্যন্ত হতাশাজনক হিসেবে উল্লেখ করে ডা. শফিকুর বলেন, জনগণের মৌলিক ও গণতান্ত্রিক অধিকার পুরোপুরি না পাওয়া পর্যন্ত তাদের এই প্রতিরোধ লড়াই অব্যাহত থাকবে।

আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন