গুলশানে পাকিস্তান হাইকমিশনারের বাসভবনে আগুন, ধোঁয়ায় অসুস্থ প্রতিনিধি ও তাঁর স্ত্রী
রাজধানীর গুলশানে পাকিস্তান হাইকমিশনারের বাসভবনে ভোরে আগুন লাগার পর ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছেন হাইকমিশনার ইমরান হায়দার ও তাঁর স্ত্রী। বর্তমানে তাঁদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

রাজধানী ঢাকার গুলশান এলাকায় অবস্থিত পাকিস্তানের হাইকমিশনারের বাসভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার (৬ আগস্ট) ভোর আনুমানিক ৪টা ৫৫ মিনিটে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূচনা হয়।
দুর্ঘটনায় ধোঁয়ার কারণে শ্বাসকষ্ট তৈরি হওয়ায় অসুস্থ হয়ে পড়েন পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার ও তাঁর স্ত্রী নাইমা ইমরান। পরবর্তী সময়ে চিকিৎসার জন্য তাঁদের গুলশানের কন্টিনেন্টাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকদের সূত্রে জানা গেছে, বর্তমানে তাঁদের অবস্থা স্থিতিশীল।
এই অগ্নিকাণ্ডে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বা কীভাবে তা আয়ত্তে আনা সম্ভব হয়েছে, সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য মেলেনি। তবে বিষয়টি অবহিত করে পাকিস্তান হাইকমিশন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি নোট ভার্বাল প্রদান করেছে।
