আগে পুনর্বাসন ও পরিবেশ, পরে ফুলবাড়ীর কয়লা উত্তোলনের সিদ্ধান্ত: প্রধানমন্ত্রী
ফুলবাড়ীর কয়লা উত্তোলনে পুনর্বাসন ও পরিবেশকে অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে সংসদে জ্বালানি সংকট মোকাবিলা ও নবায়নযোগ্য জ্বালানি প্রসারে সরকারের নানা পদক্ষেপের কথা তুলে ধরা হয়।

জাতীয় সংসদের নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী তারেক রহমান জানান, ফুলবাড়ী খনি থেকে উন্নতমানের কয়লা সংগ্রহ করা গেলে দেশের জ্বালানি সংকট মোকাবিলার পাশাপাশি বৈদেশিক মুদ্রাও সাশ্রয় হবে। তবে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের ক্ষেত্রে বসতবাড়ি ও কৃষিজমির বিষয়টি জড়িয়ে আছে। তাই সেখানকার অধিবাসীদের পুনর্বাসন ব্যবস্থা পর্যালোচনা ও পরিবেশের ওপর প্রভাবকে অগ্রাধিকার দিয়েই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। বুধবার স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদ অধিবেশনে জামায়াতে ইসলামীর সংরক্ষিত আসনের সংসদ সদস্য সাবিকুන්නাহারের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সংরক্ষিত আসনের সংসদ সদস্য সেলিনা সুলতানা প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, বিগত স্বৈরাচারের আমলে সরকারি সংস্থা বাপেক্সকে পঙ্গু করে রাখা হয়েছিল। বর্তমান জ্বালানি ঘাটতি মেটাতে সমন্বিত উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। ইতিমধ্যে ১৫০টি কূপ খনন ও সংস্কার কর্মসূচির অধীনে ৩০টি কূপের কাজ শেষ হয়ে জাতীয় গ্রিডে ১৪০ এমএসসিএডি গ্যাস যুক্ত হয়েছে। বর্তমানে চলমান ৭টি কূপের খনন শেষে আরও ৮৫ এমএসসিএডি গ্যাস পাওয়া যাবে। এছাড়া ৪৫০০ লাইন কিলোমিটার ২ডি এবং ৪২০০ বর্গকিলোমিটার ৩ডি সিসমিক জরিপের পাশাপাশি বাপেক্সের জন্য দুটি নতুন রিগ ক্রয়ের প্রক্রিয়া চলছে। অফশোর মডেল পিএসসি ২০২৬ অনুমোদনের পর দরপত্র আহ্বান করা হয়েছে এবং অনশোর গ্যাস অনুসন্ধানের কাজও প্রক্রিয়াধীন রয়েছে।
অন্য এক সংরক্ষিত আসনের সংসদ সদস্য নিলোফার চৌধুরীর প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, নবায়নযোগ্য জ্বালানির প্রসার ঘটাতে সৌরপ্যানেলের সামগ্রী ও স্থানীয়ভাবে লিথিয়াম ব্যাটারি উৎপাদনে কর ছাড় দেওয়া হয়েছে। আগামী ছয় মাসের মধ্যে যারা ছাদে সৌর বিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করবেন, তাদের থেকে প্রতি ইউনিট বিদ্যুৎ ১০.৫০ টাকা দরে সরকার কিনে নেবে। এছাড়া সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতালে জাতীয় রুফটপ সোলার কর্মসূচি বাস্তবায়নের পাশাপাশি জলবিদ্যুৎ, বায়ুবিদ্যুৎ ও বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে। বুধবার দুপুরে লিথিয়াম ব্যাটারি ব্যবহারের ন্যূনতম মানদণ্ড নির্ধারণ ও সনদায়নের বিষয়েও সিদ্ধান্ত হয়েছে।
এদিকে সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী জানান, কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের দেশে এবং বিদেশে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণের পরিকল্পনা গ্রহণ করছে সরকার।
