কমার্স ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগ, নতুন দুই স্বতন্ত্র পরিচালক নিয়োগ
নানা অনিয়মের অভিযোগে বাংলাদেশ কমার্স ব্যাংকের চেয়ারম্যান ও নির্বাহী কমিটির প্রধান পদত্যাগ করেছেন। কেন্দ্রীয় ব্যাংক তাদের পদত্যাগপত্র গ্রহণ করে নতুন দুই স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিয়েছে।

বিভিন্ন অনিয়মের অভিযোগে বাংলাদেশ কমার্স ব্যাংকের চেয়ারম্যান মো. আতাউর রহমান ও নির্বাহী কমিটির প্রধান মো. মহসিন মিয়া পদত্যাগ করেছেন। কেন্দ্রীয় ব্যাংক তাদের পদত্যাগপত্র অনুমোদন করেছে বলে মঙ্গলবার (৩ নভেম্বর) জানানো হয়েছে।
আওয়ামী লীগ সরকার পতনের পর ২০২৪ সালের সেপ্টেম্বরে কমার্স ব্যাংকের পাঁচ সদস্যের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করে বাংলাদেশ ব্যাংক। সে সময় কেন্দ্রীয় ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মো. আতাউর রহমানকে চেয়ারম্যান এবং সোস্যাল ইসলামী ব্যাংকের সাবেক ডিএমডি মো. মহসিন মিয়াকে নির্বাহী কমিটির চেয়ারম্যানের দায়িত্বে বসানো হয়। তবে কেন্দ্রীয় ব্যাংকের একাধিক পরিদর্শনে সুদ মওকুফসহ নানা ধরনের অনিয়মে তাদের সম্পৃক্ততার প্রমাণ মেলে। পরিদর্শক দলের অপসারণের সুপারিশ ও দীর্ঘ প্রক্রিয়া শেষে সম্প্রতি তাদের পদত্যাগের নির্দেশনা দেওয়া হয়েছিল।
এদিকে পরিচালনা পর্ষদের শূন্য পদে ড. মো. রফিকুল ইসলাম এবং এস এম আব্দুল হামিদ, এফসিএ-কে নতুন স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ১৯৯১ সালের ব্যাংক-কোম্পানি আইনের ৪৫ ও ৪৭(৩) ধারায় অর্পিত ক্ষমতাবলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে গত ৩ নভেম্বর কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-২ থেকে কমার্স ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের নিকট একটি আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হয়।
