আন্তর্জাতিক বাজারে সোনা ও রুপার দামে বড় ধরনের পতন

বাণিজ্য ৩ নভেম্বর ২০২৬ ৪৫৮৯

মধ্যপ্রাচ্যে অস্থিরতার জেরে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও সুদের হার বাড়ার আশঙ্কায় বিশ্ববাজারে সোনা ও রুপাসহ বিভিন্ন মূল্যবান ধাতুর দরপতন ঘটেছে।

আন্তর্জাতিক বাজারে সোনা ও রুপার দামে বড় ধরনের পতন

মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনার প্রেক্ষাপটে বিশ্ববাজারে জ্বালানি তেলের দর বৃদ্ধি পেয়েছে। এর ফলে মূল্যস্ফীতি বাড়ার শঙ্কার পাশাপাশি মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সুদের হার আবারও বাড়াতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ পরিস্থিতিতে গত মঙ্গলবার (৩ নভেম্বর) আন্তর্জাতিক বাজারে সোনার দামে পতন দেখা গেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ফলাফলের দিকেও দৃষ্টি রাখছেন আন্তর্জাতিক বিনিয়োগকারীরা।

মঙ্গলবার স্পট মার্কেটে প্রতি আউন্স সোনার দাম ১ শতাংশ কমে ৩ হাজার ৯০৮ ডলার ৪৯ সেন্টে নেমে আসে। এর আগের দিন সোমবার (২ নভেম্বর) ধাতুটির দাম ২ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছিল। গত শুক্রবার এক বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নামার পর সোমবার বাজার কিছুটা ঘুরে দাঁড়ায়। অন্যদিকে, ডিসেম্বরে সরবরাহের চুক্তিতে যুক্তরাষ্ট্রে প্রতি আউন্স সোনার দাম ১.৩ শতাংশ কমে ৩ হাজার ৯১৭ ডলার ৯০ সেন্টে স্থির হয়।

বাজার গবেষকদের মতে, তেলের দাম বৃদ্ধির ফলেই সোনার মূল্যবৃদ্ধির গতি বাধাগ্রস্ত হচ্ছে। কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার জানান, জ্বালানি তেলের বাজার ফের চাঙ্গা হওয়ায় স্বর্ণের বাজারে বিনিয়োগকারীদের ঝুঁকি নেওয়ার আগ্রহ কমে গেছে। তাঁর মতে, বাজারে শক্ত অবস্থান তৈরি করতে হলে সোনার দাম আউন্সপ্রতি অন্তত ৪ হাজার ডলার অতিক্রম করতে হবে।

এদিকে চলতি বছরে সোনার বৈশ্বিক বিনিয়োগ বৃদ্ধির পূর্বানুমান অর্ধেকে নামিয়ে এনেছে ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল। সংস্থাটির নতুন তথ্য অনুযায়ী, এ বছর সোনায় বিনিয়োগ ২০০ মেট্রিক টন বাড়তে পারে, যা আগে ৪০০ মেট্রিক টন ধরা হয়েছিল। মূলত বার ও মুদ্রা আকারে সোনা কেনার চাহিদা কমে যাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলোর সোনা সংগ্রহের পূর্বাভাস বাড়িয়েছে প্রতিষ্ঠানটি।

সোনার পাশাপাশি অন্য মূল্যবান ধাতুর বাজারও নিম্নমুখী ছিল। মঙ্গলবার স্পট মার্কেটে রুপার দাম আউন্সপ্রতি ৩.২ শতাংশ কমে ৪৯ ডলারে নেমেছে। এছাড়া প্লাটিনামের দর ১.৬ শতাংশ কমে ১ হাজার ৪২৫ ডলার ৫০ সেন্ট এবং প্যালাডিয়ামের দাম ৩.২ শতাংশ কমে ৯৩৮ ডলার ৫০ সেন্টে দাঁড়িয়েছে।

বর্তমানে বাংলাদেশের বাজারে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকায়। এ ছাড়া ২১ ক্যারেট ২ লাখ ১০ হাজার ৯৪৩ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৮১ হাজার ২০০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকায় লেনদেন হচ্ছে। পাশাপাশি ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৪৯৯ টাকা। এছাড়া ২১ ক্যারেট ৩ হাজার ৩৮৩ টাকা, ১৮ ক্যারেট ২ হাজার ৯১৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ২ হাজার ২১৬ টাকায় বিক্রি হচ্ছে।

আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন