ওমানের সাথে চুক্তি হলেও এখনই খুলছে না হরমুজ প্রণালি, জানালো ইরান
ওমানের সঙ্গে সমঝোতা চূড়ান্ত হলেও হরমুজ প্রণালি এখনই পুরোপুরি উন্মুক্ত হচ্ছে না বলে জানিয়েছে ইরান। তেহরানের মতে, বাণিজ্যিক জাহাজ চলাচলের স্বাভাবিকতা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রকে বিভিন্ন শর্ত পূরণ করতে হবে।

উপসাগরীয় অঞ্চলের দুই দেশ ইরান ও ওমানের মধ্যে হরমুজ প্রণালি সংক্রান্ত একটি নতুন চুক্তি স্বাক্ষরের প্রস্তুতি চলছে। তবে তেহরানের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, এই চুক্তি হওয়ার সাথে সাথেই গুরুত্বপূর্ণ এই জলপথটি পুরোপুরি উন্মুক্ত হয়ে যাবে না।
প্রণালি দিয়ে বাণিজ্যিক জলযান চলাচলের পরিবেশ স্বাভাবিক করতে বেশ কয়েকটি শর্ত বেঁধে দিয়েছে ইরান। দেশটির দাবি, ওয়াশিংটনকে ইরানের ওপর আরোপিত বিভিন্ন অর্থনৈতিক ও নৌ অবরোধ সাময়িকভাবে তুলে নিতে হবে এবং তাদের জব্দকৃত অর্থ ফেরত সংক্রান্ত আলোচনা আবার শুরু করতে হবে। পাশাপাশি লেবাননের অভ্যন্তরীণ স্থিতিশীলতার বিষয়ে পূর্বে প্রদত্ত অঙ্গীকার যুক্তরাষ্ট্রকে পূরণ করতে হবে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল এক সূত্রের বরাতে জানা গেছে, ওমানের সঙ্গে নতুন যে কাঠামো তৈরি করা হচ্ছে, তা গত ছয় দশকের ব্যবস্থার চেয়ে আলাদা। নতুন পরিকল্পনায় বাণিজ্যিক নৌযান চলাচলের পথ পরিবর্তিত হবে; যার একটি বড় অংশ যাবে ইরানের সীমানা দিয়ে এবং বাকিটা ব্যবহার করবে ওমানের জলসীমা। এর মাধ্যমে সংশ্লিষ্ট প্রণালিতে নিজেদের সার্বভৌম নিয়ন্ত্রণ জোরদার করতে চায় তেহরান।
তবে ইরানি কর্তৃপক্ষের ভাষ্যমতে, শান্তিকালীন পরিস্থিতিতে নিয়মিতভাবে এই জলপথ বন্ধ রাখা তাদের লক্ষ্য নয়। জুনে যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া পূর্ববর্তী আলোচনা কেবল কিছু নীতিগত কাঠামোর মধ্যে সীমাবদ্ধ ছিল, যা চূড়ান্ত কোনো সমাধান নির্দেশ করে না। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের বিদ্যমান সম্পর্কের উন্নতি না হলে কেবল ওমানের সাথে সমঝোতার মাধ্যমে হরমুজ প্রণালিতে আগের মতো স্বাভাবিকতা ফিরে আসার সম্ভাবনা বেশ কম।
