এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলায় ইউএনডিপির সহযোগিতা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী
স্বল্পোন্নত দেশের কাতার থেকে বেরিয়ে আসার প্রক্রিয়ায় উদভূত চ্যালেঞ্জ সামলাতে ইউএনডিপির সহায়তা চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। সংস্থাটির নবনিযুক্ত আবাসিক প্রতিনিধি পরিচয়পত্র পেশ করতে এলে তিনি এ আহ্বান জানান।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৃহস্পতিবার নবনিযুক্ত ইউএনডিপি আবাসিক প্রতিনিধি স্টিফেন রড্রিগেজ পরিচয়পত্র জমা দিতে আসেন। এ সময় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান তাঁকে শুভেচ্ছা জানান এবং বাংলাদেশের স্বল্পোন্নত দেশের (এলডিসি) কাতার থেকে বেরিয়ে আসার প্রক্রিয়ায় উদ্ভূত চ্যালেঞ্জ সামলাতে সংস্থাটির সার্বিক সহায়তা প্রত্যাশা করেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে ইউএনডিপি দীর্ঘ দিন ধরে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। যৌথ উন্নয়নমূলক অগ্রাধিকার বাস্তবায়নে সংস্থাটির সঙ্গে আরও নিবিড়ভাবে কাজ করার বিষয়ে সরকারের আশাবাদ ব্যক্ত করেন তিনি।
বৈঠকে ইউএনডিপি প্রতিনিধি বাংলাদেশের সাম্প্রতিক আর্থসামাজিক অগ্রগতি ও টেকসই উন্নয়নের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন। একইসঙ্গে তিনি বাংলাদেশ সরকারের সঙ্গে নিজেদের সুদৃঢ় অংশীদারিত্ব অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
এছাড়া জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি মনোনীত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রীকে শুভেচ্ছা জানান স্টিফেন রড্রিগেজ। আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ক্রমবর্ধমান মর্যাদা ও বৈশ্বিক অঙ্গনে ইতিবাচক ভূমিকার স্বীকৃতি হিসেবেই এই সাফল্য এসেছে বলে তিনি মন্তব্য করেন।
