এএফসির আসরে ফর্টিস এফসি, প্রথম ম্যাচেই সামনে কিরগিজ ক্লাব
বিপিএলের চার মৌসুম খেলে প্রথমবারের মতো এএফসি চ্যালেঞ্জ লিগে অংশ নিতে যাচ্ছে ফর্টিস এফসি। আগামী ১১ আগস্ট কিংস অ্যারেনায় কিরগিজস্তানের মুরাস ইউনাইটেডের বিরুদ্ধে মাঠে নামবে তারা।

দেশীয় ফুটবলের চার বছরের যাত্রায় কখনোই শিরোপা বা রানার্সআপ হতে পারেনি ফর্টিস ফুটবল ক্লাব। তা সত্ত্বেও এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) প্রতিযোগিতায় দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছে করপোরেট এই ক্লাবটি। আগামী ১১ আগস্ট বসুন্ধরা কিংস অ্যারেনায় কিরগিজস্তানের দল মুরাস ইউনাইটেডের মুখোমুখি হয়ে আন্তর্জাতিক ফুটবলে পা রাখতে যাচ্ছে তারা।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের সর্বশেষ মৌসুমে চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস এবং রানার্সআপ আবাহনী লিমিটেডের এএফসি লাইসেন্স না থাকায় তৃতীয় স্থানে থাকা ফর্টিস এফসি টুর্নামেন্টে খেলার সুযোগ পায়। এ অর্জনকে স্বপ্নের মতো বলে বর্ণনা করেছেন ক্লাবের সভাপতি শাহীন হাসান। তিনি জানান, চার বছরের সংক্ষিপ্ত সময়ে এই সুযোগ পাওয়ার পুরো কৃতিত্ব খেলোয়াড়দের। আসরে প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে শক্তিশালী দল গঠনে কাজ করছেন তারা।
ইউয়েফা কনফারেন্স লিগের মতো তৃতীয় স্তরের এই আসরে বিদেশি ফুটবলার নিবন্ধনে কোনো বিধিনিষেধ নেই। তাই আটজন বিদেশি খেলোয়াড়কে স্কোয়াডে যুক্ত করেছে ক্লাবটি। তারা হলেন জাপানের শিয়ান কাওয়াসাকি ও ইউসেই শিমোমুরা, গাম্বিয়ার পা ওমর জোবে ও ইসা জালো, নেপালের অনন্ত তামাং ও এরিক বিষ্টা, শ্রীলঙ্কার সুজন পেরেরা এবং নাইজেরিয়ার স্টেফান চুকউদে। এক মাস ধরে কোচ মাসুদ পারভেজ কায়সারের তত্ত্বাবধানে দলটির অনুশীলন চলছে। কোচ জানান, দলে সঠিক সমন্বয় এবং দলীয় সমঝোতা বাড়ানোর ওপর জোর দেওয়া হচ্ছে।
২০২১-২২ মৌসুমে বিসিএল ট্রফি জিতে প্রিমিয়ার ফুটবলে উঠে আসা ফর্টিস এফসির রয়েছে নিজস্ব অনুশীলন মাঠ ও উন্নত আবাসন ব্যবস্থা। আগামী ১১ আগস্টের ম্যাচটি বেলা ৩টায় আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিরগিজস্তান অত্যন্ত ঠান্ডার দেশ হওয়ায় ঢাকার দুপুরের গরমকে কাজে লাগিয়ে বাড়তি সুবিধা নিতে চায় স্বাগতিকরা। সফরকারী মুরাস ইউনাইটেড ৯ আগস্ট ঢাকায় পা রাখবে।
তবে কন্ডিশনের সুবিধা থাকলেও প্রতিপক্ষ দল প্রস্তুতিতে এগিয়ে রয়েছে বলে মনে করেন ফর্টিস প্রধান কোচ। তিনি জানান, কিরগিজস্তানে ঘরোয়া ফুটবল চলমান থাকায় ওদের খেলোয়াড়রা বেশ অভিজ্ঞ ও খেলার মধ্যে আছে। অন্যদিকে বাংলাদেশে নতুন মৌসুম এখনো শুরু না হওয়ায় ম্যাচ ফিটনেসে পিছিয়ে থেকে নামতে হবে ফর্টিসকে।
