উখিয়ার সীমান্তে মাইন বিস্ফোরণে মাছ শিকারির পায়ের গোড়ালি বিচ্ছিন্ন
কক্সবাজারের উখিয়ার বালুখালী সীমান্তে নাফ নদের শূন্যরেখা পার হয়ে মিয়ানমার অংশে ঢুকলে মাইন বিস্ফোরণে বদি আলম নামের এক বাংলাদেশি যুবকের ডান পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে গেছে।

কক্সবাজারের উখিয়া সীমান্ত সংলগ্ন মিয়ানমারের ভূখণ্ডে থাকা একটি পুঁতে রাখা মাইন বিস্ফোরণে এক বাংলাদেশি যুবকের ডান পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে গেছে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী সীমানার নাফ নদের শূন্যরেখা সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহত যুবকের নাম বদি আলম (৩২)। তিনি উখিয়ার পালংখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের জুমেরছড়া এলাকার সোনা মিয়ার ছেলে।
বিজিবির কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম জানান, স্থানীয়দের সাথে বৃহস্পতিবার সকালে নাফ নদীতে মাছ ধরতে যান বদি আলম। একপর্যায়ে তারা নাফ নদের শূন্যরেখা পেরিয়ে মিয়ানমারের ভেতরে ঢুকে পড়লে সেখানে আগে থেকে বসানো একটি মাইনের বিস্ফোরণ ঘটে।
এই দুর্ঘটনায় বদি আলমের ডান পায়ের গোড়ালি পুরোপুরি কেটে আলাদা হয়ে যায়। পাশাপাশি তার শরীরের ডান পাশও বেশ গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়।
সঙ্গে থাকা লোকজন তাকে তৎক্ষণাৎ উদ্ধার করে কুতুপালংস্থ এমএসএফ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক সেবা দেওয়ার পর শারীরিক পরিস্থিতির অবণতি ঘটলে তাকে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
