আখতারুজ্জামানের প্রতিবাদের সুফলেই বিমানবন্দরে ইতিবাচক পরিবর্তন এসেছে: জামায়াত আমির
শাহজালাল বিমানবন্দরের অব্যবস্থাপনার প্রতিবাদে কারামুক্ত বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামানকে সংবর্ধনা দিয়েছে জামায়াতে ইসলামী। সেখানে দলটির আমির জানান, আখতারুজ্জামানের সোচ্চার ভূমিকার সুফল এখন প্রবাসীরা পাচ্ছেন।

রাজধানীর ২৯ মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে মঙ্গলবার দুপুরে এক সংবর্ধনা সভার আয়োজন করা হয়। সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান এক মাস তিন দিন কারাভোগের পর মুক্তি পাওয়ায় জামায়াতে ইসলামী এই কর্মসূচির আয়োজন করে। অনুষ্ঠানে দলটির আমির ডা. শফিকুর রহমান বলেন, সাধারণ যাত্রী ও প্রবাসীদের অধিকার আদায়ের সংগ্রাম তারা অব্যাহত রাখবেন।
জামায়াত প্রধান জানান, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের লাগেজ পেতে বিলম্ব, ট্রলি সংকট এবং মালামাল চুরির মতো দীর্ঘদিনের নানা অনিয়মের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন আখতারুজ্জামান। তাঁর বিরুদ্ধে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ আনা হলেও আখতারুজ্জামানের প্রতিবাদের মুখে কর্তৃপক্ষ দুই দফায় নতুন ট্রলি সংযোজন করেছে। এছাড়া লাগেজ বেল্ট ও গ্রাউন্ড হ্যান্ডলিং কর্মীদের শরীরে ক্যামেরা বসানোর ফলে যাত্রীরা আগের চেয়ে দ্রুত লাগেজ পাচ্ছেন।
ডা. শফিকুর রহমান আরও উল্লেখ করেন, একজন বীর মুক্তিযোদ্ধাকে মিথ্যা মামলায় গ্রেফতার ও রিমান্ডে নেওয়ার ঘটনা অত্যন্ত দুঃখজনক। তাঁর মুক্তির দাবিতে প্রবাসীরা বিদেশে বিভিন্ন স্থানে বিক্ষোভ ও দূতাবাস ঘেরাও করেছেন। সরকারকে বিরুদ্ধ মতামত দমনের পথ ছেড়ে জনগণের সমস্যা সমাধানে মনোযোগ দেওয়ার পরামর্শ দিয়ে জামায়াত আমির সকলকে ধন্যবাদ জানান।
