নাসীরুদ্দীন পাটওয়ারীকে আদালতে হাজির হতে সমন জারি ফন্ট সাইজ: প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মানহানি, অপরাধমূলক ভয়ভীতি দেখানো ও অবমাননার অভিযোগে করা মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে আদালতে হাজির হতে সমন জারি করেছেন আদালত। রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাতের আদালতে নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা করেন বিএনপি’র রমনা থানার সভাপতি আশরাফুল ইসলাম। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে নাসীরুদ্দীন পাটওয়ারীকে আদালতে হাজির হতে সমন জারি করেছেন। এদিকে বিএনপি নেতার এ মামলায় সাক্ষীদের তালিকায় উল্লেখ রয়েছে মির্জা আব্বাসের নাম।
মামলার অভিযোগে উল্লেখ করা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে বিএনপি’র প্রার্থী ছিলেন মির্জা আব্বাস। আর এনসিপি’র প্রার্থী ছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী। নির্বাচনে নাসীরুদ্দীন পাটওয়ারী বিপুল ভোটে হেরে যান। নির্বাচনের সময় এই আসামি বিভিন্ন সময়ে মিথ্যা ও মানহানিকর বক্তব্য দিয়ে আসছেন। নাসীরুদ্দীন পাটওয়ারী নির্বাচনে বিপুল ভোটে হেরে যাওয়ার পর আরও বেশি করে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে এবং বিভিন্ন অনলাইন পত্রিকার মাধ্যমে মিথ্যা মানহানিকর বক্তব্য ও বিভিন্ন হুমকি দিয়ে আসছেন। সর্বশেষ গত ৫ই মার্চ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বাদী দেখেন নাসীরুদ্দীন পাটওয়ারীর মানহানিকর হুবহু বক্তব্যে কয়েকটি অনলাইন নিউজ মিডিয়াতে এসেছে। এতে বাদীর নেতা মির্জা আব্বাসের সম্মান ক্ষুণ্ন হচ্ছে। অভিযোগে বলা হয়, আসামির এসব বক্তব্য ফেসবুকে দেখে মামলার বাদী ও মির্জা আব্বাস বিস্মিত হয়েছেন।
বাংলাদেশের কোটি কোটি মানুষ নাসীরুদ্দীন পাটওয়ারীর এসব বক্তব্য দেখেছেন। নাসীরুদ্দীন পাটওয়ারী উদ্দেশ্যপ্রণোদিতভাবে এবং ইচ্ছাকৃতভাবে একের পর এক বাদী ও মির্জা আব্বাসের সুনাম ও রাজনৈতিক ক্যারিয়ারে কালিমা লেপনের জন্য মিথ্যা, বানোয়াট বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন। যা সব প্রকার শিষ্টাচার সভ্যতার রীতিনীতি বহির্ভূত এবং মানহানিকর। মির্জা আব্বাসের সুনাম ও রাজনৈতিক ক্যারিয়ারে কালিমা লেপনের জন্য নাসীরুদ্দীন পাটওয়ারী উদ্দেশ্যপ্রণোদিত এবং ইচ্ছাকৃতভাবে একের পর এক মিথ্যা বানোয়াট বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন। এ ধরনের কর্মকাণ্ড সকল প্রকার শিষ্টাচার রীতিনীতি বহির্ভূত এবং মানহানিকর। মামলায় নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে দণ্ডবিধি ৫০০/৫০৩/৫০৪ ধারার অভিযোগ আনা হয়েছে।
