বাংলাদেশি পণ্যে ১৮ শতাংশ নতুন শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

বাংলাদেশের বিরুদ্ধে ‘অন্যায্য উৎপাদন চর্চা’ এবং শ্রমিকদের জন্য ‘অপর্যাপ্ত সুরক্ষা’ নিশ্চিত করার অভিযোগ এনে ঢাকা থেকে আমদানি করা পণ্যের ওপর সর্বোচ্চ ১৮ শতাংশ নতুন শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র।
উৎপাদন খাতে অতিরিক্ত সক্ষমতা ও বাণিজ্যনীতির কথিত অনিয়ম নিয়ে পরিচালিত তদন্তের পর এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি (ইউএসটিআর) জেমিসন গ্রিয়ার এ ঘোষণা দিয়েছেন।
যুক্তরাষ্ট্রের অভিযোগ, বাংলাদেশের কিছু বাণিজ্য ও উৎপাদননীতি ‘অযৌক্তিক’। এসব নীতি মার্কিন বাণিজ্যের ওপর বাড়তি চাপ সৃষ্টি করছে এবং দেশটির বাণিজ্য সীমিত করছে। বিশেষ করে তৈরি পোশাক ও অ্যাপারেল খাতকে কেন্দ্র করে এ অভিযোগ তোলা হয়েছে।
ওয়াশিংটনের ভাষায়, উৎপাদন খাতে ‘কাঠামোগত অতিরিক্ত সক্ষমতা ও উৎপাদন’ মোকাবিলায় ১৪টি অর্থনীতির বিরুদ্ধে নেয়া বৃহত্তর পদক্ষেপের অংশ এটি। ১৯৭৪ সালের ট্রেড অ্যাক্টের সেকশন ৩০১-এর আওতায় এসব তদন্ত পরিচালনা করা হয়েছে।
বাংলাদেশসহ ১৪ দেশের বিরুদ্ধে পদক্ষেপ
এর আগে যুক্তরাষ্ট্র চীন, ইউরোপীয় ইউনিয়ন, সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, কম্বোডিয়া, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম, তাইওয়ান, বাংলাদেশ, জাপান ও ভারতের বিরুদ্ধে নতুন শুল্কের প্রস্তাবের কথা জানায়।
ট্রাম্প প্রশাসন জানিয়েছে, দেশ ও পণ্যভেদে প্রস্তাবিত শুল্কের হার ভিন্ন হবে। চীনের ক্ষেত্রে সর্বোচ্চ ৪০ শতাংশ পর্যন্ত শুল্কের কথা বলা হয়েছে, যদিও কার্যকর হার এর চেয়ে কম হতে পারে। থাইল্যান্ড ও ভারতের মতো কয়েকটি দেশের ক্ষেত্রে হার ২৫ শতাংশ পর্যন্ত এবং জাপানসহ কয়েকটি দেশের ক্ষেত্রে ২০ শতাংশ পর্যন্ত হতে পারে।
তবে ডনাল্ড ট্রাম্প প্রশাসন এর আগে বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্যিক সমঝোতায় শুল্কের যে সর্বোচ্চ সীমা নির্ধারণ করেছিল, তার কারণে প্রস্তাবিত হারের কিছু অংশ কার্যত কমে আসতে পারে।
গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ট্রাম্প প্রশাসনের ব্যাপকভিত্তিক আমদানি শুল্ক বাতিল করে দেন। নতুন প্রস্তাবিত শুল্কের একটি অংশ ওই বাতিল হওয়া শুল্কের জায়গা নেবে। একই সঙ্গে বর্তমানে কার্যকর থাকা অন্যান্য শুল্কের সঙ্গেও নতুন শুল্ক যুক্ত হতে পারে।
