আটলান্টিক সিটিতে প্রবাসী বাংলাদেশিদের মুখরিত মেজবান উৎসব

প্রবাস সংবাদ ১০ অক্টোবর ২০২৬ ২৯২৪
আটলান্টিক সিটিতে প্রবাসী বাংলাদেশিদের মুখরিত মেজবান উৎসব

নিউ জার্সির আটলান্টিক সিটিতে গত মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে এক উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল ঐতিহ্যবাহী 'মেজবান'। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সির (বিএএসজে) উদ্যোগে স্থানীয় বাংলাদেশ কমিউনিটি সেন্টারে এই জাকজমকপূর্ণ মেলবন্ধন ও ভোজের আয়োজন করা হয়।

মেজবানকে কেন্দ্র করে পুরো কমিউনিটি সেন্টার জুড়ে ছিল প্রবাসী বাংলাদেশিদের উপচে পড়া ভিড় ও প্রাণচাঞ্চল্য। ঐতিহ্যবাহী মেজবানি রান্নার মৌ মৌ ঘ্রাণে মুহূর্তের মধ্যেই আটলান্টিক সিটির বুকে যেন জেগে উঠেছিল এক টুকরো বাংলাদেশ। আয়োজনের পেছনে কেউ ব্যস্ত ছিলেন রন্ধনশৈলীতে, আবার কেউ ব্যস্ত ছিলেন আমন্ত্রিত অতিথিদের আপ্যায়নে।

আটলান্টিক সিটি ও এর আশপাশের বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি পরিবার-পরিজন ও বন্ধুদের সঙ্গে নিয়ে এই উৎসবে শামিল হন। রসনাতৃপ্তিকর খাবারের পাশাপাশি শুভানুধ্যায়ীদের আড্ডা, গল্প ও কুশল বিনিময়ে মুখরিত হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ। প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি মূলধারার স্থানীয় রাজনৈতিক নেতারাও এই মেজবানে অংশ নেন।

আয়োজকরা জানান, প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে দেশের অমলিন সংস্কৃতি ও খাবারের ঐতিহ্য তুলে ধরার লক্ষ্যেই এই উদ্যোগ। দীর্ঘদিন পর পরিচিতজনদের সাথে দেখা হওয়ায় মেজবানের প্রাঙ্গণে এক সুন্দর আবেগঘন ও আনন্দের পরিবেশ তৈরি হয়। খাবারের স্বাদের পাশাপাশি এ ধরনের আয়োজন প্রবাসে সম্প্রীতি ও সামাজিক বন্ধনকে আরও সুদৃঢ় করবে বলে আশা প্রকাশ করেন তাঁরা।

অনুষ্ঠান শেষে মেজবান সফলভাবে সম্পন্ন করায় অংশগ্রহণকারী, স্বেচ্ছাসেবী ও সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান বিএএসজে-এর সভাপতি জহিরুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম খোকা এবং ট্রাস্টি বোর্ডের সভাপতি আব্দুর রফিক।

ছবিতে দেখুন

আটলান্টিক সিটিতে প্রবাসী বাংলাদেশিদের মুখরিত মেজবান উৎসব
আটলান্টিক সিটিতে প্রবাসী বাংলাদেশিদের মুখরিত মেজবান উৎসব
আটলান্টিক সিটিতে প্রবাসী বাংলাদেশিদের মুখরিত মেজবান উৎসব
আটলান্টিক সিটিতে প্রবাসী বাংলাদেশিদের মুখরিত মেজবান উৎসব
আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন