নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন উপলক্ষে কুনু-ফিরোজ পরিষদের সংবাদ সম্মেলন

আইরিন রহমান
নিউইয়র্ক, ১৫ অক্টোবর: আসন্ন বাংলাদেশ সোসাইটি ইনক., নিউইয়র্ক নির্বাচন-২০২৬ উপলক্ষে কুনু-ফিরোজ পরিষদের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার জ্যাকসন হাইটসের ৩৭ স্ট্রিটে অবস্থিত ৭৩ বাংলাদেশ স্ট্রিটে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে পরিষদের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ফিরোজ আহমেদ লিখিত বক্তব্য পাঠ করেন। এতে তিনি আগামী নির্বাচনে তাদের ভবিষ্যৎ পরিকল্পনা ও অঙ্গীকারগুলো তুলে ধরেন। এছাড়াও সভাপতি পদপ্রার্থী আজমল হোসেন কুনু, উপদেষ্টা মোহাম্মদ আজিজ, মইনুল ইসলাম, এডভোকেট জনি, কেন্দ্রীয় নির্বাচন কমিটির চেয়ারম্যান বেলাল মাহমুদ, মিডিয়া কমিটির চেয়ারম্যান সৈয়দ আজাদ এবং কেন্দ্রীয় নির্বাচন কমিটির সদস্য সচিব আনোয়ার হোসেন বক্তব্য রাখেন।
সংবাদ সম্মেলনে কুনু-ফিরোজ পরিষদের পক্ষ থেকে ৭ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হয়। ইশতেহারে প্রধান অঙ্গীকারগুলোর মধ্যে রয়েছে:
১. বাংলাদেশ কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা: নিউইয়র্কের বাংলাদেশি কমিউনিটির দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে একটি আধুনিক ও স্থায়ী কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা করা হবে।
২. সার্বজনীন ফিউনারেল হোম সেবা: ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষের জন্য সাশ্রয়ী ও সহজলভ্য ফিউনারেল হোম সেবা চালু করা হবে।
৩. বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের রুট পুনরায় চালু: নিউইয়র্ক থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সরাসরি ফ্লাইট পুনরায় চালু করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কাজ করা হবে।
৪. ইমিগ্রেশন সহায়তা ও আইনি পরামর্শ: প্রবাসী বাংলাদেশিদের ইমিগ্রেশন সংক্রান্ত জটিলতা নিরসনে হেল্পলাইন ও কনস্যুলেট সেবা চালু করা হবে।
৫. কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি: নিউইয়র্ক সিটি, স্টেট ও ফেডারেল পর্যায়ে বাংলাদেশি-আমেরিকান তরুণ ও পেশাজীবীদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হবে।
৬. নতুন প্রজন্মের অংশগ্রহণ বৃদ্ধি: বাংলাদেশি-আমেরিকান তরুণদের মূলধারার রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে প্রতি বছর ‘ইউথ কনভেনশন’ আয়োজন করা হবে।
৭. মেধাবী শিক্ষার্থীদের সহায়তা: বাংলাদেশি-আমেরিকান পরিবারের মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পথ সুগম করতে বিশেষ শিক্ষা সহায়তা কার্যক্রম গ্রহণ করা হবে।
সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ আরও জানান, তারা একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং কার্যকর নেতৃত্ব প্রতিষ্ঠা করতে চান। তারা আশা করেন, তাদের এই পরিকল্পনা ও অঙ্গীকার বাস্তবায়নের মাধ্যমে কমিউনিটির সার্বিক উন্নয়ন নিশ্চিত হবে। শেষে উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য শেষ করা হয় ।
ছবিতে দেখুন




