স্মৃতির পাতায় তৌফিক ইমরোজ খালিদী: ডিজিটাল সাংবাদিকতার পথিকৃৎ ও আমার বহু যুগের বন্ধু- আকবর হায়দার কিরন

বাংলাদেশ ২ অক্টোবর ২০২৬ ৪৭০০
স্মৃতির পাতায় তৌফিক ইমরোজ খালিদী: ডিজিটাল সাংবাদিকতার পথিকৃৎ ও আমার বহু যুগের বন্ধু- আকবর হায়দার কিরন

স্মৃতির পাতায় তৌফিক ইমরোজ খালিদী: ডিজিটাল সাংবাদিকতার পথিকৃৎ ও আমার বহু যুগের বন্ধু

আকবর হায়দার কিরন

অনলাইন সাংবাদিকতার পথিকৃৎ, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আশির দশকে যৌথ সাংবাদিকতার শুরু থেকে নিউ ইয়র্ক আন্তর্জাতিক বইমেলায় শেষ সাক্ষাতের কথা স্মরণ করে তাঁর দীর্ঘদিনের বন্ধু ও সহকর্মী আকবর হায়দার কিরনের এই বিশেষ স্মৃতিতর্পণ।

সময় কত দ্রুত গড়িয়ে যায়, আর মানুষগুলো কেমন করে যেন হঠাৎ স্মৃতির পাতায় গিয়ে আশ্রয় নেয়! বহু যুগের পরিচিত মুখ, সাংবাদিকতার সুদীর্ঘ পথচলার প্রিয় সহযোদ্ধা এবং বাংলাদেশে আধুনিক ও প্রযুক্তিভিত্তিক সাংবাদিকতার রূপকার তৌফিক ইমরোজ খালিদী আর নেই। ২ অক্টোবর লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মাত্র ৫৯ বছর বয়সে তিনি না-ফেরার দেশে পাড়ি জমিয়েছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ব্রেইন হেমারেজে আক্রান্ত হয়ে হঠাৎ তাঁর এই আকস্মিক প্রস্থান পুরো সংবাদ জগতে এবং ব্যক্তিগতভাবে আমার হৃদয়ে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি করে গেল।

গেল বছর নিউ ইয়র্ক আন্তর্জাতিক বইমেলায় তাঁর সঙ্গে আমার শেষ দেখা হয়েছিল। খোশগল্প, কুশল বিনিময় আর পেশাগত জীবনের স্মৃতিমন্থনে কত চমৎকার সময় কেটেছিল! কে জানত, নিউ ইয়র্কের সেই বইমেলার প্রাণবন্ত আড্ডাই হবে তাঁর সঙ্গে আমার জীবনের শেষ সাক্ষাৎ!তৌফিক ইমরোজ খালিদীর সঙ্গে আমার সখ্যতা ও পরিচয় আজ থেকে কয়েক দশকের পুরনো।

আশির দশকের মাঝামাঝি সময়, যখন আমরা পেশাদার সাংবাদিকতার রোমাঞ্চকর ও চ্যালেঞ্জিং পথে পা বাড়াই, তখন থেকেই তাঁর সঙ্গে আমার গভীর ঘনিষ্ঠতা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্য থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করার পর তিনি সাংবাদিকতাকে পেশা হিসেবে বেছে নেন। 'দ্য ডেইলি স্টার'-এর নিউজ এডিটর হিসেবে প্রিন্ট মিডিয়ায় দক্ষতার ছাপ রাখার পর তিনি যুক্তরাজ্যের লন্ডনে চলে যান এবং সেখানে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস (BBC World Service)-এ প্রডিউসার ও প্রেজেন্টার হিসেবে আন্তর্জাতিক মানের সাংবাদিকতায় যুক্ত হন।

আমাদের কাজের ক্ষেত্র প্রায়শই মিলে যেত। আন্তর্জাতিক বেতার সংস্থা—বিবিসি (BBC) ও ভয়েস অব আমেরিকা (VOA)-র সংবাদকক্ষ, বাংলাদেশ আমেরিকা প্রেস ক্লাবের নানা যৌথ আয়োজন কিংবা এ বি সি (ABC) কনফারেন্সের মতো আন্তর্জাতিক নানা মঞ্চে আমরা মুখোমুখি হয়েছি, সাংবাদিকতার ভবিষ্যৎ ও পেশাদারিত্ব নিয়ে ভাবনার আদান-প্রদান করেছি।২০০৬ সালে লন্ডন থেকে ফিরে এসে তিনি দেশের প্রথম ডিজিটাল অনলাইন নিউজ পোর্টাল 'বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম' (bdnews24.com) প্রতিষ্ঠা ও পরিচালনার দায়িত্ব নেন।

আমি সরাসরি সাংবাদিকতা শুরু করি ডেইলী নিউজ পত্রিকা দিয়ে। তারপর সাপ্তাহিক বিচিত্রা, বিবিসি, সাপ্তাহিক ঠিকানা, সাপ্তাহিক বাঙালি, ভয়েস অব বাংলাদেশ, লস এঞ্জেলেস ইত্যাদি। প্রবাসী হওয়ার পর বিদেশ বাংলার সম্পাদক, বহু বছর ভয়েস অব আমেরিকা এবং দুই যুগের বেশী নিউ ইয়র্ক বাংলা !

বিডিনিউজের মাধ্যমে ২৪ ঘণ্টার রিয়েল-টাইম ডিজিটাল নিউজের যে জোয়ার তিনি সৃষ্টি করেছিলেন, তা বাংলাদেশের গণমাধ্যমে এক যুগান্তকারী পরিবর্তন এনেছিল। তাঁর সুদূরপ্রসারী সম্পাদনায় বিডিনিউজ২৪ প্রথম এশীয় সংবাদমাধ্যম হিসেবে 'দ্য নিউ ইয়র্ক টাইমস'-এর সঙ্গে অংশীদারিত্বে 'টার্নিং পয়েন্টস' প্রকাশ করার গৌরব অর্জন করে। তরুণদের সাংবাদিকতায় উৎসাহিত করতে তাঁর 'প্রিজম' প্রকল্প এবং ২০১৭ সালে জাতীয় আইসিটি পুরস্কার লাভ তাঁর মেধা ও প্রাতিষ্ঠানিক অবদানের সাক্ষ্য বহন করে।

সাংবাদিকতার নীতি ও স্বাধীন সত্তার প্রশ্নে তিনি কখনোই নতি স্বীকার করেননি। শেষ দিনগুলোতে তাকে নানা আইনি ও প্রশাসনিক জটিলতার মধ্য দিয়ে যেতে হলেও ২০২৪ সালে তিনি সমস্ত অভিযোগ থেকে সম্পূর্ণ নির্দোষ প্রমাণিত ও খালাস পান।লন্ডনের মাটিতে তাঁর এই অকালপ্রস্থান কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয়। পেশাগত জীবনের নানা উত্থান-পতন, আন্তর্জাতিক পরিমণ্ডলে কাজের স্মৃতি আর নিভৃত আড্ডার যে অমূল্য মুহূর্তগুলো তিনি রেখে গেছেন, তা আমার হৃদয়ে চিরকাল অম্লান থাকবে।বিদায়, আধুনিক সাংবাদিকতার সাহসী পথিকৃৎ। বিদায়, আমার বহু বছরের পথচলার বন্ধু তৌফিক ইমরোজ খালিদী। ওপারে ভালো থাকবেন।

লেখক পরিচিতি:আকবর হায়দার কিরন — কলামিস্ট, সাবেক নিউ ইয়র্ক প্রতিনিধি ও সাংবাদিক, ভয়েস অব আমেরিকা (VOA); প্রেসিডেন্ট ও সম্পাদক, নিউ ইয়র্ক বাংলা (newyorkbangla.com)।

ছবিতে দেখুন

স্মৃতির পাতায় তৌফিক ইমরোজ খালিদী: ডিজিটাল সাংবাদিকতার পথিকৃৎ ও আমার বহু যুগের বন্ধু- আকবর হায়দার কিরন
আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন