বিডিনিউজের সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন লন্ডনে

বাংলাদেশ ২ অক্টোবর ২০২৬ ২৯৬১
বিডিনিউজের সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন লন্ডনে

বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বিডিনিউজটোয়েন্টিফোরডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন। বাংলাদেশ সময় শুক্রবার(২ অক্টোবর) সন্ধ্যার দিকে লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বিডিনিউজ-এর চিফ রিপোর্টার সুমন মাহমুদ রাত ৮টার দিকে জানান, স্ট্রোকের পর তৌফিক ভাইয়ের শারীরিক অবস্থা খারাপ ছিল বলে আমরা শুনেছি। এরপর থেকেই তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। কিছুক্ষণ আগে জানতে পারলাম তিনি মারা গেছেন।

বিডিনিউজ-এর মাল্টিমিডিয়া বিভাগের প্রধান জাহেদুল আই খান বলেন, ছেলের সঙ্গে দেখা করতে লন্ডনে গিয়েছিলেন তৌফিক ভাই। ৪-৫ দিনের মধ্যে ফিরে আসার কথা ছিল। দেশের সাংবাদিকতা ও গণমাধ্যম অঙ্গনে পরিচিত নাম তৌফিক ইমরোজ খালিদী। ২০০৬ সাল থেকে নিজ মালিকানাধীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রকাশক ও প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিষ্ঠার আগে দেশের একটি ব্রডশিট পত্রিকায় সাংবাদিকতা করেন খালিদী। পরে যুক্তরাজ্যের বিবিসিতে উপস্থাপক, প্রযোজক ও সম্পাদক হিসেবে কাজ করেন। ঢাকা, লন্ডনসহ বিভিন্ন স্থানে গণমাধ্যম ও সাংবাদিকতা বিষয়ে প্রশিক্ষণও নিয়েছেন তিনি।

সম্প্রচার, প্রিন্ট ও ডিজিটাল—সাংবাদিকতার তিন মাধ্যমেই কাজের অভিজ্ঞতা ছিল খালিদীর। সাংবাদিকতায় অবদানের স্বীকৃতি হিসেবে ২০১৭ সালে জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পুরস্কারে বিশেষ সম্মাননা পান তৌফিক ইমরোজ খালিদী। ডিজিটাল বাংলাদেশে তার অবদানের স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা দেয়া হয়।

২০১৭ সালের ১২ ডিসেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাকে এ সম্মাননা দেওয়া হয়। তৎকালীন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী তার হাতে সম্মাননা স্মারক তুলে দেন।

দেশে অনলাইন সাংবাদিকতার বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা আবদান রেখেছেন খালিদীর। তার নেতৃত্বে ২০০৬ সালে বিডিনিউজ নতুন ব্যবস্থাপনায় ‘বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম’ নামে নতুন রূপে যাত্রা শুরু করে। ২০১৭ সালের একটি প্রতিবেদনে প্রতিষ্ঠানটিকে ইন্টারনেটে বাংলাদেশের প্রথম সার্বক্ষণিক সংবাদ প্রকাশক হিসেবে উল্লেখ করা হয়েছিল।

আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন