​সিপিপির শ্রেষ্ঠ নারী স্বেচ্ছাসেবক সম্মাননা পেলেন মিরসরাইয়ের উম্মে হাবিবা আক্তার চৌধুরী

বাংলাদেশ ১৩ অক্টোবর ২০২৬ ২৭৭৬
​সিপিপির শ্রেষ্ঠ নারী স্বেচ্ছাসেবক সম্মাননা পেলেন মিরসরাইয়ের উম্মে হাবিবা আক্তার চৌধুরী

​চট্টগ্রাম থেকে যুবরাজ চৌধুরী।

ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) আওতায় উপকূলীয় এলাকার দুর্যোগ মোকাবিলা ও ঝুঁকিহ্রাস কার্যক্রমে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ মিরসরাই উপজেলার বিশিষ্ট সমাজসেবিকা উম্মে হাবিবা আক্তার চৌধুরী ২০২৬ সালের 'শ্রেষ্ঠ নারী স্বেচ্ছাসেবক' সম্মাননা লাভ করেছেন।

​গত মঙ্গলবার (১৩ই অক্টোবর) আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে তাঁর হাতে এই সম্মাননা ক্রেস্ট, সনদপত্র ও ১০ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু, এমপি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সম্মাননা হস্তান্তর করেন। চলতি বছর "ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি" প্রতিপাদ্য নিয়ে দিবসটি উদযাপিত হয়।

​উম্মে হাবিবা আক্তার চৌধুরী ১৯৯২ সাল থেকে দীর্ঘ ৩৪ বছরেরও বেশি সময় ধরে সিপিপির কার্যক্রমের সাথে নিষ্ঠার সাথে যুক্ত রয়েছেন। এই দীর্ঘ সময়ে তিনি উপকূলীয় এলাকায় দুর্যোগের পূর্বপ্রস্তুতি, সচেতনতা বৃদ্ধি, মাঠপর্যায়ের ঝুঁকিহ্রাস কার্যক্রম এবং সিপিপির বিভিন্ন প্রশিক্ষণ ও মহড়ায় অত্যন্ত সক্রিয় ও সাহসী ভূমিকা পালন করে আসছেন। তাঁর এই নিরবচ্ছিন্ন সেবামূলক কাজের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ও সিপিপি তাকে মিরসরাই উপজেলা থেকে সমগ্র বাংলাদেশের মধ্যে 'শ্রেষ্ঠ নারী স্বেচ্ছাসেবক' হিসেবে মনোনীত করে।

​শিক্ষাজীবনে উম্মে হাবিবা আক্তার চৌধুরী নাসিরাবাদ ওমেন্স কলেজ থেকে এইচএসসি এবং ঐতিহ্যবাহী জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি (অনার্স) ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে তিনি ২০১৪ সালে আয়োজিত মিরসরাই উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদেও প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

​পারিবারিক আবহেও তিনি জনসেবা ও সমাজকল্যাণমূলক কাজের সাথে ওতপ্রোতভাবে জড়িত। তিনি মিরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিটের সাবেক সফল সেক্রেটারি এবং অদূর অতীতে অনুষ্ঠিত জেলা ইউনিট নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার জনাব আবদুল আউয়াল চৌধুরীর সহধর্মিণী।

​সম্মাননা প্রাপ্তির পর এক প্রতিক্রিয়ায় উম্মে হাবিবা আক্তার চৌধুরী বলেন, "দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে করা কাজের এই স্বীকৃতি আমাকে মানবসেবায় আরও গভীরভাবে অনুপ্রাণিত করবে। দুর্যোগপ্রবণ উপকূলীয় অঞ্চলের মানুষের প্রাণ ও সম্পদ সুরক্ষায় সিপিপির সকল স্বেচ্ছাসেবকের এই ত্যাগ ও পরিশ্রমের গল্প অনন্য।"

​তাঁদের এই জাতীয় পর্যায়ের গৌরবময় অর্জনে মিরসরাই উপজেলার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সেবামূলক সংগঠনের নেতৃবৃন্দ আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

ছবিতে দেখুন

​সিপিপির শ্রেষ্ঠ নারী স্বেচ্ছাসেবক সম্মাননা পেলেন মিরসরাইয়ের উম্মে হাবিবা আক্তার চৌধুরী
​সিপিপির শ্রেষ্ঠ নারী স্বেচ্ছাসেবক সম্মাননা পেলেন মিরসরাইয়ের উম্মে হাবিবা আক্তার চৌধুরী
আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন