শেখ হাসিনার ফেরার পরিকল্পনা আর ঢাকার প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়
ব্রিফিংয়ে রণধীর জয়সওয়াল

আগামী ১৬ ডিসেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য ঢাকায় ফেরাকে কেন্দ্র করে আলোচনার মধ্যে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ভারত।
নয়াদিল্লি জানিয়েছে, শেখ হাসিনার বাংলাদেশে ফিরতে চাওয়ার বিষয়টি সম্পূর্ণভাবে শেখ হাসিনা ও বাংলাদেশ সরকারের মধ্যকার বিষয়। তবে তাকে ফেরত চেয়ে ঢাকার পাঠানো প্রত্যর্পণের অনুরোধটি প্রতিষ্ঠিত প্রক্রিয়া অনুযায়ী খতিয়ে দেখা হচ্ছে, যা স্বেচ্ছায় দেশে ফেরার বিষয় থেকে সম্পূর্ণ আলাদা।
বুধবার (২৫ নভেম্বর) সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
ব্রিফিংয়ে সাংবাদিকরা ১৬ ডিসেম্বর শেখ হাসিনার বাংলাদেশে প্রত্যাবর্তন, তাকে হাতকড়া পরিয়ে ফিরিয়ে আনার বিষয়ে ঢাকার বক্তব্য এবং বাংলাদেশের রাষ্ট্রীয় এয়ারলাইনসে তার ফেরার সম্ভাবনার খবর নিয়ে প্রশ্ন করেন। এ ছাড়া তার প্রত্যাবর্তনের আগে আওয়ামী লীগ নেতাদের ভারতের অভ্যন্তরে অবাধ চলাচল এবং পেট্রাপোল-বেনাপোলসহ বিভিন্ন সীমান্ত পয়েন্ট পরিদর্শনের ক্ষেত্রে ভারত কোনো মধ্যস্থতাকারী বা সহায়তাকারীর ভূমিকা রাখছে কি না, তা জানতে চাওয়া হয়।
জবাবে রণধীর জয়সওয়াল সরাসরি কোনো মন্তব্য না করে বলেন, ‘এই বিষয়টি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং সেখানকার সরকারের মধ্যকার। তাই এ নিয়ে আমার এর চেয়ে বেশি কিছু বলার নেই।’
তবে শেখ হাসিনাকে ফেরত পাঠাতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে দেওয়া প্রত্যর্পণের (এক্সট্রাডিশন) অনুরোধ প্রসঙ্গে মুখপাত্র বলেন, ‘আগেও যেমনটি বলেছি, প্রত্যর্পণের অনুরোধটি আমাদের প্রতিষ্ঠিত প্রক্রিয়া অনুযায়ী খতিয়ে দেখা হচ্ছে। তবে কোনো নাগরিক যদি বৈধ ভ্রমণ নথিতে (ট্রাভেল ডকুমেন্ট) স্বেচ্ছায় নিজের দেশে ফিরতে চান, তবে সেই বিষয়টি প্রত্যর্পণের অনুরোধ থেকে সম্পূর্ণ আলাদা।’মানচিত্র দেখুন
ব্রিফিংয়ে বাংলাদেশের নড়াইল ও পাবনাসহ বিভিন্ন স্থানে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং এ নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর মন্তব্যের বিষয়ে ভারতের দৃষ্টিভঙ্গি জানতে চান সাংবাদিকরা। এ প্রসঙ্গে জয়সওয়াল বলেন, ‘বাংলাদেশে সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতার ঘটনা নিয়ে আমরা স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন। আমরা বাংলাদেশ সরকারকে আহ্বান জানাই, তারা যেন এসব ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে এবং অপরাধীদের বিচারের আওতায় আনে।’
