শেখ সিরাজুল ইসলাম ফাউন্ডেশনের আত্মপ্রকাশ

নিউইয়র্ক (ইউএনএ): ‘আমরা মানব কল্যাণে বিশ্বাসী’ শ্লোগান নিয়ে যাত্রা শুরু করলো সেবামূলক সংগঠন ‘শেখ সিরাজুল ইসলাম ফাউন্ডেশন’। সিটির কুইন্স বরোর জ্যামাইকার কতিপয় প্রবীণ প্রবাসীদের সাথে প্রাত:রাশ বৈঠকের মধ্যদিয়ে ফাউন্ডেশনের যাত্রা শুরু হয়। এই ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কমিউনিটির পরিচিত মুখ, বাংলাদেশ সোসাইটির সাবেক কর্মকর্তা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাংবাদিক শেখ সিরাজুল ইসলাম। খবর ইউএনএ’র।
জ্যামাইকার হিলসাইড এভিনিউর ধানসিঁড়ি রেষ্টেুরেন্টে গত ৩ অক্টোবর শনিবার সকালে প্রাত:রাশ বৈঠকের আয়োজন করা হয়। এতে প্রবীণ প্রবাসী, বিশিষ্ট লেখক মোহাম্মদ আজিজুর রহমান, কমিউনিটি অ্যাক্টিভিষ্ট ডা. সৈয়দ আল আমীন রাসেল, সফিউল্লাহ ভূইয়া, মোহাম্মদ সামিউল চৌধুরী ও রাশিদা আক্তার সংক্ষিপ্ত বক্তব্য রাখেন এবং ‘শেখ সিরাজুল ইসলাম ফাউন্ডেশন’ প্রতিষ্ঠার উদ্যোগকে স্বাগত জানান। তারা বলেন, এই ফাউন্ডেশনের মাধ্যমে মানব সেবায় ভূমিকা রাখা সম্ভব হবে। বৈঠকে বক্তারা এই ফাউন্ডেশনকে সহযোগিতাও আশ্বাস দেন।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শেখ সিরাজুল ইসলাম বলেন, মানব সেবা ছাড়া এই ফাউন্ডেশনের আর কোন লক্ষ্য বা উদ্দেশ্য নেই। দেশের মানুষ আর প্রবাসীদের ছোট ছোট সমস্যায় এগিয়ে যাওয়ার পাশাপাশি আগামীতে বড়ধরণের সমস্যায় মানুষের পাশে থেকে কাজ করবে এই ফাউন্ডেশন। বিশেষ করে প্রবাসের অনেক প্রবীণ মানুষ রয়েছেন তারা অনেক সমস্যায় আছেন। সেবামূলক নানা কর্মসূচীর মাধ্যমে তাদের পাশে থাকবে ফাউন্ডেশন।
শেখ সিরাজ বলেন, মানুষের সেবা করতে যে শুধু অর্থ দিয়েই করতে হবে, তা নয়। মানুষের অর্থের প্রয়োজন রয়েছে। এর পাশাপাশি ভালো পরামর্শ, হেলথ কেয়ার সার্ভিস, হোম কেয়ার সার্ভিস, চাকুরীর সন্ধান দিয়েও মানব সেবা করা যায়। তিনি বলেন, দেশের অসহায়, গরীব মানুষদের সেবা করতে অল্প অর্থও অনেক বড় কাজে লাগতে পারে। আমরা সাইকে সাথে নিয়ে সেইভাবেই ফাউন্ডেশন পরিচালনা করতে চাই।
বৈঠকে অন্যান্যের মধ্যে খোরশেদ আলম, মোহাম্মদ এ এম তালুকদার, মোহাম্মদ আজমত আলী, মোহাম্মদ তোফাজ্জল হোসেন, রেজাউল হাসান, মাকসুল মাহিন প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সাংবাদিক শেখ সিরাজুল ইসলাম দীর্ঘদিন ধরে দেশের দু:স্থ মানুষের সাহায্য করে আসছেন। এছাড়াও দেশে বইপড়া আর লাইব্রেরী প্রতিষ্ঠায় তিনি ব্যক্তিগতভাবে অব্যাহভাবে সহযোগিতা করে আসছেন।
