বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের (বাপা) দশম বার্ষিকী অ্যাওয়ার্ডস ডিনার অনুষ্ঠিত
এনওয়াইপিডির ঊর্ধ্বতন কর্মকর্তা, ছয় শতাধিক অতিথি ও বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিদের অংশগ্রহণে বর্ণাঢ্য আয়োজন

নিউইয়র্ক, ৯ অক্টোবর ২০২৬: বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের (বাপা) উদ্যোগে দশম বার্ষিকী অ্যাওয়ার্ডস ডিনার গত ৯ অক্টোবর শুক্রবার নিউইয়র্কের কুইন্সে অবস্থিত ডিএ মাইকেল ইলাজিও পার্টি হলে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে এনওয়াইপিডির সদস্য ও তাদের পরিবার, ঊর্ধ্বতন কর্মকর্তা, বাংলাদেশি আমেরিকান কমিউনিটির নেতৃবৃন্দ, সাংবাদিক ও আমন্ত্রিত অতিথিসহ ছয় শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।
বর্ণাঢ্য এ আয়োজন বাংলাদেশি আমেরিকান পুলিশ সদস্য ও কমিউনিটির মানুষের মিলনমেলায় পরিণত হয়। অনুষ্ঠানে পুলিশ সদস্যদের পেশাগত সাফল্য, নেতৃত্ব ও জনসেবায় অবদানের স্বীকৃতি প্রদান করা হয়।
অনুষ্ঠানের শুরুতে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে ইমাম তাহির কুকিকির পরিচালনায় দোয়া অনুষ্ঠিত হয়। বাপার প্রেসিডেন্ট ক্যাপ্টেন একেএম প্রিন্স আলম স্বাগত বক্তব্যে সংগঠনের কার্যক্রম এবং পুলিশ বিভাগ ও কমিউনিটির মধ্যে সুসম্পর্ক বজায় রাখার গুরুত্ব তুলে ধরেন।
পুলিশ কমিশনারের বক্তব্যে বাংলাদেশি আমেরিকান পুলিশ সদস্যদের অবদানের স্বীকৃতি
অনুষ্ঠানে নিউইয়র্ক সিটি পুলিশ কমিশনার জেসিকা এস. টিশ (Jessica S. Tisch) এনওয়াইপিডিতে কর্মরত বাংলাদেশি আমেরিকান পুলিশ সদস্যদের নিষ্ঠা, পেশাদারত্ব ও অবদানের প্রশংসা করেন। তিনি উল্লেখ করেন, এনওয়াইপিডিতে দুই হাজারেরও বেশি বাংলাদেশি আমেরিকান সদস্য কর্মরত রয়েছেন, যাঁরা নিউইয়র্কের বহুজাতিক সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।
তিনি তাঁর বক্তব্যে ডিটেকটিভ দিদারুল ইসলামের আত্মত্যাগ ও অবদানের কথাও বিশেষভাবে স্মরণ করেন।
বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য সম্মাননা প্রদান
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বিশিষ্ট ব্যক্তিদের হাতে সম্মাননা তুলে দেওয়া।
এ বছর লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড প্রদান করা হয় নিউইয়র্ক সিটি পুলিশ কমিশনার জেসিকা এস. টিশকে। ম্যান অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড লাভ করেন চিফ অব ট্রানজিট জোসেফ এম. গুলোট্টা এবং উইম্যান অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড পান ডেপুটি কমিশনার মারিয়া সি. ওতেরো। অ্যাপ্রিসিয়েশন অ্যাওয়ার্ড পান ডেপুটি চিফ ব্রায়ান ও’সুলিভান।
কমান্ডিং অফিসার অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড লাভ করেন ডেপুটি ইন্সপেক্টর মোহাম্মদ ইসলাম। লিডারশিপ অ্যাওয়ার্ড প্রদান করা হয় পিবিএ প্রেসিডেন্ট প্যাট্রিক হেনড্রিকে এবং সিভিলিয়ান অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড পান ডেপুটি ডিরেক্টর হরজিন্দর সিং।
এ ছাড়া কপ অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড লাভ করেন সার্জেন্ট ওমর ভূঁইয়া ও পুলিশ অফিসার আবির আহমেদ। কমিউনিটি সার্ভিস অ্যাওয়ার্ড প্রদান করা হয় ফয়সাল আজিজকে।
সম্মাননাপ্রাপ্ত ব্যক্তিদের পেশাগত অর্জন, নেতৃত্ব ও জনসেবায় অবদানের স্বীকৃতিস্বরূপ এসব পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে গ্র্যান্ড স্পনসরের বক্তব্য ও ভিডিও উপস্থাপনার পাশাপাশি বাপার নির্বাহী কমিটি ও ট্রাস্টি বোর্ডের সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া হয়।
সংগঠনের নেতৃবৃন্দের বক্তব্য
বাপার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সার্জেন্ট এসডিএস এরশাদুর সিদ্দিকী তাঁর বক্তব্যে সদস্যদের ঐক্য, পেশাগত উন্নয়ন ও কমিউনিটির কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে বাপার সাধারণ সম্পাদক ডিটেকটিভ জামিল সরেয়ার স্পনসর, সহযোগী, স্বেচ্ছাসেবক ও অতিথিসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। তিনি অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বও পরিচালনা করেন।
অনুষ্ঠানে বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী শুভ্রদেব এবং প্রবাসের পরিচিত শিল্পী রাজীব ভট্টাচার্য ও শশী সংগীত পরিবেশন করেন। তাঁদের পরিবেশনা ও ডিজে পর্বে অতিথিরা আনন্দে মেতে ওঠেন।
বাপার দশম বার্ষিকী অ্যাওয়ার্ডস ডিনার বাংলাদেশি আমেরিকান পুলিশ সদস্যদের অর্জন ও অবদানের স্বীকৃতি প্রদানের পাশাপাশি এনওয়াইপিডি ও বাংলাদেশি আমেরিকান কমিউনিটির মধ্যে পারস্পরিক সহযোগিতা, সম্প্রীতি ও সুসম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বাপার মিডিয়া লিয়াজোঁ সার্জেন্ট জসিম মিয়া আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে এবং পুলিশ বিভাগ ও কমিউনিটির মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতা আরও সুদৃঢ় হবে।
ছবিতে দেখুন









