ঢাকার নবাবগঞ্জ উপজেলার চুড়াইন গ্রামে ৮ বছরের একটি শিশু অল্পের জন্য ধর্ষনের হাত থেকে রক্ষা পেলো

চুড়াইন থেকে মোঃ আলী খান বাবুল
আজকাল পত্রিকা, টিভি বা সোশ্যাল মিডিয়া খুললেই দেখা যায় বাংলাদেশের কোথাও না কোথাও শিশু খুন, ধর্ষন, গুমের ঘটনা। আর দিনদিন এসব ঘটনা বেড়েই চলছে। যে বাবা- মায়ের শিশু সন্তান আছে তারা আতঙ্কের মধ্যে আছেন। আর এসব ঘটনা বেশিরভাগই ঘটে শহরে। এদিকে সারা দেশের মানুষের নজর যখন আইফোনের জন্য অপ্রতিমের হত্যকান্ডের দিকে, ঠিক তখনই ঢাকার নবাবগঞ্জ উপজেলার চুড়াইন গ্রামের একটি ঘটনা ঘটে যা হতে পারত দেশের সংবাদ শিরোনামে।
গত ১৯ সেপ্টেম্বর শনিবার বিকেল সাড়ে তিনটের দিকে পূর্ব চুড়াইন খান বাড়ির মেইন গেটের সামনের রাস্তা থেকে ৮ বছরের একটি মেয়েকে মুখ ও হাত পিঠমোড়া করে বেঁধে এক রিক্সা চালক জোরপূর্বক তার রিকশায় তুলে নিয়ে যায়। তাকে চুড়াইন বেনুখালী রাস্তার দাস পাড়ার নিরিবিলি এলাকার জঙ্গলে নিয়ে যায়। সেখানে তাকে কিল, ঘুষি ও লাথি মারে। শিশু মেয়েটি জোর করে তার হাত থেকে ছুটে দৌড়ে রাস্তায় চলে যায় এবং সেখানে এক যুবক তাকে উদ্ধার করে তার বাড়িতে পৌঁছে দেয়। এ ব্যাপারে নবাবগঞ্জ থানায় জিডি করা হয়েছে। পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করছে এবং পরেরদিন ঘটনাস্থল পরিদর্শন করে। এলাকার মুরুব্বিদের মতে ছোট শিশুদের বাবা-মায়েদের আরও সচেতন হতে হবে এবং তাদেরকে সন্তানদেরকে আরও সময় দিতে হবে ।
