১৪ বলে ফিফটি হাঁকিয়ে টি-টোয়েন্টিতে প্রেমার বিশ্বরেকর্ড

খেলা ৩ নভেম্বর ২০২৬ ৪৬৬৩

মাত্র ১৪ বলে দ্রুততম অর্ধশতক হাঁকিয়ে নারী টি-টোয়েন্টিতে নতুন বিশ্বরেকর্ড গড়েছেন উত্তরাখণ্ডের অলরাউন্ডার প্রেমা রাওয়াত। তার অলরাউন্ড নৈপুণ্যে হায়দরাবাদকে ৮৯ রানে হারিয়েছে উত্তরাখণ্ড।

১৪ বলে ফিফটি হাঁকিয়ে টি-টোয়েন্টিতে প্রেমার বিশ্বরেকর্ড

নারী টি-টোয়েন্টি ক্রিকেটে এক অনন্য নজির স্থাপন করেছেন ভারতের ২৪ বছর বয়সী অলরাউন্ডার প্রেমা রাওয়াত। গত সোমবার পুনের গাহুঞ্জেতে এমসিএ স্টেডিয়ামে সিনিয়র উইমেন’স টি-টোয়েন্টি ট্রফিতে হায়দরাবাদের মুখোমুখি হয়ে মাত্র ১৪ বলে অর্ধশতক পূরণ করে এই দ্রুততম ফিফটির বিশ্বরেকর্ড গড়েন তিনি।

উত্তরাখণ্ডের হয়ে মাঠে নেমে প্রেমার ব্যাট থেকে আসে এক তাণ্ডবী ইনিংস। ৬টি চার এবং ৪টি ছক্কার সাহায্যে তিনি ১৪ বল থেকে ৫০ রানে অপরাজিত থাকেন। আন্তর্জাতিক ও স্বীকৃত নারী টি-টোয়েন্টিতে আগের রেকর্ডটি ছিল ১৫ বলের, যা যৌথভাবে অর্জন করেছিলেন ওয়ারউইকশায়ারের ম্যারি কেলি (২০২২), পাকিস্তানের ফাতিমা সানা (২০২৬) এবং ওটাগো ও সারের হয়ে খেলা লরা হ্যারিস (২০২৫ ও ২০২৬)।

প্রেমার বিধ্বংসী ইনিংসে ভর করে উত্তরাখণ্ড নির্ধারিত ২০ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ১৮৭ রানের পাহাড় গড়ে। উদ্বোধনী উইকেটে রাঘবি বিস্ত ও করিনা যোগ করেন ৭২ রান। করিনা ১৯ রানে বিদায় নেওয়ার পর নীলম ভরদ্বাজকে সঙ্গে নিয়ে দ্বিতীয় উইকেটে আরও ৫৭ রান যোগ করেন রাঘবি। তিনি দলের হয়ে সর্বোচ্চ ৭২ রানের অবদান রাখেন।

জয়ের জন্য ১৮৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে উত্তরাখণ্ডের বোলিং তোপের মুখে পড়ে হায়দরাবাদ। তারা ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ৯৮ রান তুলতে সক্ষম হয়, যার ফলে ৮৯ রানের বিশাল জয় ছিনিয়ে নেয় উত্তরাখণ্ড। বল হাতে ৪ ওভারে মাত্র ১২ রান দিয়ে গুগুলোথু কাব্যশ্রী ও নল্লা ক্রান্তি রেড্ডির উইকেট তুলে নেন এই লেগস্পিনার। এমন অলরাউন্ড নৈপুণ্যের জন্য প্রেমা রাওয়াতের হাতেই ওঠে ম্যাচসেরার পুরস্কার।

আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন