সিলেটকে হারিয়ে পয়েন্ট তালিকার দুয়ে চট্টগ্রাম, শীর্ষে খুলনা

খেলা ৩ নভেম্বর ২০২৬ ২৮৮৭

সাদিকুর রহমানের সেঞ্চুরি ও শেষ উইকেট জুটির বীরত্বে সিলেটকে ১ উইকেটে হারিয়েছে চট্টগ্রাম। দিনের অন্য ম্যাচে ময়মনসিংহকে হারিয়ে টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে খুলনা।

সিলেটকে হারিয়ে পয়েন্ট তালিকার দুয়ে চট্টগ্রাম, শীর্ষে খুলনা

জাতীয় ক্রিকেট লিগের পঞ্চম রাউন্ডের রোমাঞ্চকর ম্যাচে সিলেটকে মাত্র ১ উইকেটে পরাজিত করেছে চট্টগ্রাম। ১৮৭ রানে ৩ উইকেট থাকা অবস্থা থেকে চট্টগ্রাম ২৩ রানের ব্যবধানে ৬ উইকেট হারিয়ে মারাত্মক বিপদে পড়ে। সিলেটের পক্ষে নাসুম আহমেদ ৭৬ রানে ৪টি এবং শাহানুর ৭৬ রানে ৩টি উইকেট শিকার করেন।

তবে চট্টগ্রামের ওপেনার সাদিকুর রহমান এক প্রান্ত ধরে রেখে শতক উপহার দেন, যা চলতি আসরে তাঁর তৃতীয় সেঞ্চুরি। দলের জয় থেকে ১৭ রান দূরে থাকতে ব্যক্তিগত ১০০ রানে নবম ব্যাটার হিসেবে তিনি সাজঘরে ফেরেন। এরপর শেষ ব্যাটসম্যান আশরাফুল হাসান রোহান ও সানজিদ মজুমদার দলকে জয়ের বন্দরে নিয়ে যান। শাহানুরকে চারের মার মেরে জয় সুনিশ্চিত করেন রোহান। পাঁচ ম্যাচে দ্বিতীয় জয়ে ২১ পয়েন্ট পেয়ে টেবিলের দুই নম্বরে উঠে এসেছে চট্টগ্রাম।

অন্য ম্যাচে সহজ জয়ে শীর্ষস্থান মজবুত করেছে খুলনা। ১৪০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে এনামুল হক বিজয়ের অপরাজিত ৮০ রানের সুবাদে ময়মনসিংহকে ৮ উইকেটে হারিয়েছে দলটি। তিন জয় ও ২৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের এক নম্বরে অবস্থান করছে খুলনা।

এছাড়া রাজশাহীর বিপক্ষে এক ইনিংসে ৬১ রান করে চলতি আসরে টানা পাঁচ ম্যাচেই অন্তত একটি ফিফটি করার রেকর্ড বজায় রেখেছেন মিম মোসাদ্দেক। অন্যদিকে বরিশাল ও ঢাকার মধ্যকার ড্র হওয়া ম্যাচের শেষ দিনে নব্বইয়ের ঘরে গিয়ে শতক হাতছাড়া করেছেন দুই ব্যাটার। বরিশালের মোহাম্মদ আবদুল্লাহ ৯৪ রান এবং আশিকুর রহমান শিবলি ৯৯ রানে সাজঘরে ফেরেন।

আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন