এডুকেশন ইজ লাইফ অ্যান্ড লাইফ ইজ প্র্যাকটিস - নন্দিনী লুইজা

শিক্ষা শুধু জীবিকা অর্জনের উপায় নয়, শিক্ষা হলো জীবনকে বোঝা, মানুষ হয়ে ওঠা এবং প্রতিদিনের জীবনচর্চার নাম।
আমার কাছে শিক্ষা কখনোই কেবল পাঠ্যবই, পরীক্ষার ফলাফল, সনদ কিংবা একটি ভালো চাকরি পাওয়ার প্রতিযোগিতা নয়। আমি শিক্ষাকে দেখি জীবনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে। কারণ শিক্ষা কোনো নির্দিষ্ট বয়সে শুরু হয়ে প্রাতিষ্ঠানিক শিক্ষার সমাপ্তির সঙ্গে শেষ হয়ে যায় না। জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত মানুষ প্রতিনিয়ত শিখছে, নিজেকে বদলাচ্ছে, অভিজ্ঞতার মধ্য দিয়ে পরিণত হচ্ছে। তাই আমি বিশ্বাস করি,
Education is Life and Life Practice-শিক্ষা জীবন, আর জীবনই শিক্ষার নিরন্তর অনুশীলন।
মনোবিজ্ঞানের দৃষ্টিতে মানুষের শেখার প্রক্রিয়া একটি চলমান ও পরিবর্তনশীল প্রক্রিয়া। মানুষের মস্তিষ্ক অভিজ্ঞতা, পরিবেশ, পর্যবেক্ষণ, অনুকরণ, আবেগ ও সামাজিক মিথস্ক্রিয়ার মধ্য দিয়ে প্রতিনিয়ত নতুন সংযোগ তৈরি করে। অর্থাৎ মানুষ শুধু শ্রেণিকক্ষে শেখে না; পরিবারে, সমাজে, কর্মক্ষেত্রে, সম্পর্কের ভেতরে, এমনকি ভুল ও ব্যর্থতার মধ্য দিয়েও শেখে। একটি শিশুর প্রথম ভাষা শেখা, অন্যের কষ্ট অনুভব করতে শেখা, নিজের রাগ নিয়ন্ত্রণ করা কিংবা অন্যের মতামতকে সম্মান করতে শেখা-সবই শিক্ষার অংশ। বিজ্ঞানও আমাদের বলে, মানুষের মস্তিষ্কের শেখার ও অভিযোজিত হওয়ার ক্ষমতা সারা জীবন সক্রিয় থাকে।
আমার কাছে শিক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাটি হলো মানুষের মন ও মনুষ্যত্ব। একজন মানুষ অনেক ডিগ্রিধারী হতে পারেন, কিন্তু তাঁর মধ্যে যদি সহমর্মিতা, যুক্তিবোধ, আত্মসমালোচনা, নৈতিকতা এবং অন্যের প্রতি শ্রদ্ধাবোধ না থাকে, তাহলে সেই শিক্ষার পূর্ণতা কোথায়? শিক্ষা মানুষকে শুধু তথ্য জানাবে না, তথ্যের সত্যতা যাচাই করতে শেখাবে। শুধু নিজের অধিকার চিনতে শেখাবে না, অন্যের অধিকারের মর্যাদা দিতেও শেখাবে। শুধু সফল হতে শেখাবে না, সাফল্যের পথে মানুষকে ছোট না করতেও শেখাবে।
আমি মনে করি, আমাদের শিক্ষাব্যবস্থার একটি বড় সংকট হলো-আমরা অনেক সময় শিক্ষার ফলাফলকে নম্বর, জিপিএ, সনদ ও চাকরির বাজারের সাফল্য দিয়ে বিচার করি। অথচ একজন শিক্ষিত মানুষ বাস্তব জীবনে কতটা যুক্তিনিষ্ঠ, কতটা মানবিক, কতটা দায়িত্বশীল এবং কতটা পরিবর্তনশীল পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারেন, সেটিও শিক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ পরিমাপক হওয়া উচিত।
শিক্ষার সঙ্গে জীবনের সম্পর্ক সবচেয়ে গভীরভাবে প্রকাশ পায় আমাদের প্রতিদিনের আচরণে। আমরা কীভাবে কথা বলি, ভিন্নমতকে কীভাবে গ্রহণ করি, দুর্বল মানুষের সঙ্গে কেমন আচরণ করি, ভুল করলে তা স্বীকার করতে পারি কি না, ক্ষমতা ও অর্থের ব্যবহার কীভাবে করি-এসবের মধ্যেই আমাদের শিক্ষার বাস্তব প্রতিফলন ঘটে। কারণ শিক্ষা যদি আচরণে না আসে, চিন্তাকে পরিশীলিত না করে, সিদ্ধান্ত গ্রহণে যুক্তি ও বিবেককে সক্রিয় না করে, তাহলে সেই শিক্ষা জীবনের সঙ্গে কতটা যুক্ত হলো?
আমি শিক্ষকতা করি, শিক্ষার সঙ্গে যুক্ত আছি এবং একজন লেখক হিসেবেও মানুষ ও সমাজকে বোঝার চেষ্টা করি। আমার অভিজ্ঞতায়, প্রত্যেক শিক্ষার্থীর শেখার গতি, সামর্থ্য, আগ্রহ ও মানসিক জগৎ এক নয়। তাই শিক্ষার উদ্দেশ্য সবাইকে একই ছাঁচে তৈরি করা হতে পারে না। বরং প্রত্যেক মানুষের নিজস্ব সম্ভাবনাকে আবিষ্কার করা, তার আত্মবিশ্বাস গড়ে তোলা এবং স্বাধীনভাবে চিন্তা করার সাহস তৈরি করাই হওয়া উচিত শিক্ষার অন্যতম প্রধান লক্ষ্য। একজন শিক্ষক শুধু জ্ঞান বিতরণ করেন না; কখনো একটি প্রশ্নের মাধ্যমে, কখনো একটু উৎসাহ দিয়ে, কখনো নিঃশব্দে পাশে থেকে একজন মানুষের জীবনবোধ বদলে দিতে পারেন।
আরেকটি বিষয় আমি গভীরভাবে অনুভব করি-জীবনের প্রতিটি অভিজ্ঞতাই আমাদের শিক্ষক হতে পারে। পরাজয় শেখায় ধৈর্য, দায়িত্ব শেখায় পরিণতিবোধ, সম্পর্ক শেখায় সহনশীলতা, সংকট শেখায় সিদ্ধান্ত গ্রহণ, আর মানুষের দুঃখ-কষ্ট শেখায় সহমর্মিতা। তবে অভিজ্ঞতা নিজে থেকেই শিক্ষা হয়ে ওঠে না; অভিজ্ঞতা থেকে উপলব্ধি অর্জন, নিজের ভুল বিশ্লেষণ এবং প্রয়োজনে নিজেকে সংশোধন করার মধ্য দিয়েই প্রকৃত শিক্ষা তৈরি হয়।
বর্তমান পৃথিবীতে কৃত্রিম বুদ্ধিমত্তা, প্রযুক্তি ও জ্ঞানবিজ্ঞানের দ্রুত পরিবর্তন আমাদের নতুন বাস্তবতার সামনে দাঁড় করিয়েছে। এখন শুধু তথ্য মুখস্থ রাখার চেয়ে তথ্য বিশ্লেষণ, সৃজনশীল চিন্তা, সমস্যা সমাধান, নৈতিক সিদ্ধান্ত এবং নতুন কিছু শেখার সক্ষমতা অনেক বেশি গুরুত্বপূর্ণ। প্রযুক্তি মানুষকে দক্ষ করতে পারে, কিন্তু মানবিকতা, বিবেক ও মূল্যবোধের চর্চা মানুষকেই করতে হবে।
আমি এমন একটি সমাজ দেখতে চাই, যেখানে শিক্ষিত হওয়ার অর্থ শুধু উচ্চপদে আসীন হওয়া নয়; বরং অন্যায়ের বিরুদ্ধে বিবেকবান হওয়া, ভিন্ন ধর্ম ও মতের মানুষকে সম্মান করা, নারী-পুরুষের সমান মর্যাদা স্বীকার করা, প্রকৃতির প্রতি দায়িত্বশীল হওয়া এবং মানুষের বিপদে মানুষের পাশে দাঁড়ানো। কারণ সভ্যতার অগ্রগতি শুধু কতগুলো উঁচু ভবন, প্রযুক্তি কিংবা অর্থনৈতিক প্রবৃদ্ধিতে পরিমাপ করা যায় না; মানুষের প্রতি মানুষের আচরণেও তার পরিচয় প্রকাশ পায়।
জীবন প্রতিদিন আমাদের পরীক্ষা নেয়, কিন্তু সেই পরীক্ষার কোনো নির্দিষ্ট প্রশ্নপত্র নেই, নির্ধারিত পাঠ্যসূচিও নেই। সেখানে কখনো মানুষকে বুঝতে হয়, কখনো নিজেকে চিনতে হয়, কখনো প্রতিবাদ করতে হয়, আবার কখনো নিজের ভুলের কাছে নত হতে হয়। এই নিরন্তর শেখা, বোঝা, উপলব্ধি করা এবং নিজেকে নতুন করে গড়ে তোলার মধ্যেই আমি শিক্ষার সৌন্দর্য খুঁজে পাই।
তাই আমার কাছে শিক্ষা কোনো প্রতিষ্ঠানের চার দেয়ালে সীমাবদ্ধ বিষয় নয়। শিক্ষা একটি জীবনদর্শন, একটি মানবিক দায়বদ্ধতা এবং প্রতিদিন নিজেকে আরও ভালো মানুষ হিসেবে গড়ে তোলার অনুশীলন।
কারণ সার্টিফিকেট আমাদের শিক্ষিত পরিচয় দিতে পারে, কিন্তু আমাদের আচরণই বলে দেয় আমরা আসলে কতটা শিক্ষিত।
Education is Life and Life Practice-শিক্ষা শুধু জীবনের প্রস্তুতি নয়, শিক্ষা দিয়েই জীবনকে প্রতিদিন অর্থবহ করে তুলতে হয়।
