ইতিহাস গড়ে ডিএমভি স্পোর্টস ক্লাব ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬-এর চ্যাম্পিয়ন BCA Phoenix

বেল্টসভিল, মেরিল্যান্ড:
দুর্দান্ত প্রত্যাবর্তন, অসাধারণ দলীয় পারফরম্যান্স এবং শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করে যাওয়ার দৃঢ় মানসিকতার মধ্য দিয়ে ইতিহাস সৃষ্টি করেছে BCA Phoenix। ডিএমভি স্পোর্টস ক্লাব আয়োজিত Cricket Tournament 2026-এর চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশন ইনক. (Bangladesh Christian Association Inc.—BCA)-এর সমর্থিত ও পরিচালিত ক্রিকেট দল BCA Phoenix।
মেরিল্যান্ডের বেল্টসভিলে অবস্থিত Calverton Neighborhood Park-এ ৫ ও ৬ সেপ্টেম্বর দুই দিনব্যাপী এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টে ডিএমভি এলাকার পাঁচটি শক্তিশালী দল—BCA Phoenix, Kakrail Boys Club, Silver River Strikers, Deshi Dominators এবং Ekattor XI—অংশগ্রহণ করে।
এবারের আসরে BCA Phoenix প্রথমবারের মতো চ্যাম্পিয়নশিপ শিরোপা জয় করে। বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশন ইনক.-এর ক্রিকেট দলের ইতিহাসে এটি একটি স্মরণীয় ও গৌরবময় মাইলফলক।
বিসিএ সেক্রেটারি বিভাস রোজারিও বলেন, শিরোপা জয়ের পথটি মোটেও সহজ ছিল না। টুর্নামেন্টের প্রথম দিনে পরপর দুটি ম্যাচে পরাজিত হয়ে কঠিন পরিস্থিতির মুখোমুখি হয় BCA Phoenix। প্রথম দিনের ফলাফলের পর অনেকের কাছেই দলের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা ক্ষীণ মনে হয়েছিল। কিন্তু পরাজয়ে ভেঙে না পড়ে দ্বিতীয় দিনে অসাধারণ দৃঢ়তা নিয়ে ঘুরে দাঁড়ায় দলটি। খেলোয়াড়দের আত্মবিশ্বাস, শৃঙ্খলা, পারস্পরিক সহযোগিতা এবং জয়ের অদম্য আকাঙ্ক্ষা শেষ পর্যন্ত দলের ভাগ্য বদলে দেয়। তিনি বলেন, “এই জয় শুধু একটি ট্রফি অর্জন নয়; এটি প্রমাণ করে যে ঐক্যবদ্ধভাবে চেষ্টা করলে কঠিন পরিস্থিতি থেকেও ঘুরে দাঁড়ানো সম্ভব। দলের প্রতিটি খেলোয়াড়ের নিষ্ঠা, পরিশ্রম ও পারস্পরিক সহযোগিতাই এই ঐতিহাসিক সাফল্যের মূল শক্তি।”
বিসিএ ক্রীড়া সম্পাদক ববি রোজারিও বলেন, প্রথম দিনে দুই ম্যাচে পরাজয়ের পর দ্বিতীয় দিনে চ্যাম্পিয়ন হওয়ার পথটি BCA Phoenix-এর জন্য ছিল অত্যন্ত চ্যালেঞ্জিং। তবে খেলোয়াড়দের আত্মবিশ্বাস ও দৃঢ় মনোবল দলকে ঘুরে দাঁড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
দলের অন্যতম গুরুত্বপূর্ণ বোলার কেনি পিউরিফিকেশন পাঁচ ম্যাচে ১৩টি উইকেট নিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক হন। নিজের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে তিনি বলেন, “যে হাত নিয়ে বল করতে ভয় পাচ্ছিলাম, সেই হাতের ওপর ভরসা রেখে এবং মনের জোরে দলের জন্য যতটুকু সম্ভব অবদান রাখার চেষ্টা করেছি।”
তিনি দলের প্রতিটি খেলোয়াড়ের অবদানের কথাও উল্লেখ করেন। তার মতে, সাইফুল ভাই (ক্যাপ্টেন), কলিন্স ব্রো (কঠিন ব্যাটসম্যান), ম্যাথিউজ অনুপম (অলরাউন্ডার), ব্রাইট ব্রো (ভাইস ক্যাপ্টেন), জেসন, জিকু (গ্রেট ফিল্ডার), কানেকটিকাটের কেনি ভাই (গ্রেট বোলার), মেলভিন দা (কানাডা), ড্যানিয়েল সিতু (ইকুয়েশন মেকার), সিভান ও গ্রেগরি—সবাই এই জয়ের পেছনে কঠোর পরিশ্রম করেছেন।
BCA Phoenix-এর দলীয় অধিনায়ক সাইফুল বলেন, গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে ব্যাটারদের দায়িত্বশীল ব্যাটিং, বোলারদের কার্যকর বোলিং এবং ফিল্ডারদের দুর্দান্ত প্রচেষ্টা দলকে একের পর এক গুরুত্বপূর্ণ জয়ের দিকে এগিয়ে নিয়ে যায়। শেষ পর্যন্ত ফাইনালে শক্তিশালী Silver River Strikers-কে পরাজিত করে BCA Phoenix চ্যাম্পিয়নশিপ নিশ্চিত করে।
ডিএমভি স্পোর্টস ক্লাবের টাইটেল স্পন্সর প্যাট্রিক গোমেজ বলেন, এই টুর্নামেন্ট শুধু একটি ক্রিকেট প্রতিযোগিতার মধ্যে সীমাবদ্ধ ছিল না; এটি ডিএমভি এলাকার প্রবাসী বাংলাদেশি কমিউনিটির একটি প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়েছিল। খেলাধুলার মাধ্যমে বিভিন্ন দলের খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে সৌহার্দ্য, বন্ধুত্ব ও পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় হয়েছে।
বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশন ইনক.-এর বর্তমান প্রেসিডেন্ট বিপুল এলিট গনছালভেস BCA Phoenix-এর ঐতিহাসিক জয়ে খেলোয়াড় ও সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়ে বলেন, এই অর্জন প্রমাণ করে যে সাফল্যের পথে প্রতিকূলতা কোনো স্থায়ী বাধা নয়—যদি থাকে ঐক্য, আত্মবিশ্বাস এবং শেষ পর্যন্ত লড়াই করে যাওয়ার দৃঢ়তা। তিনি বলেন, “খেলায় প্রতিযোগিতা, খেলাধুলায় বন্ধুত্ব—ঐক্য ও সম্প্রীতিতে গড়ে উঠুক আমাদের কমিউনিটি।”
BCA Phoenix-এর এই ঐতিহাসিক চ্যাম্পিয়নশিপ শুধু একটি ট্রফি জয় নয়; বরং এটি দলের সংগ্রাম, প্রত্যাবর্তন, ঐক্য ও দলীয় চেতনার একটি অনুপ্রেরণাদায়ক উদাহরণ হয়ে থাকবে। প্রথম দিনের দুই পরাজয় থেকে ঘুরে দাঁড়িয়ে শিরোপা জয়ের এই সাফল্য প্রমাণ করেছে—লড়াই শেষ না হওয়া পর্যন্ত কোনো পরাজয়ই চূড়ান্ত নয়।
ছবিতে দেখুন


