মার্কিন যুদ্ধবিমানের প্রথম চালান পৌঁছাল তাইওয়ানে
চীনা সামরিক চাপ মোকাবিলায় যুক্তরাষ্ট্র থেকে চুক্তিভুক্ত এফ-১৬ভি ব্লক ৭০ যুদ্ধবিমানের প্রথম চালানের দুটি বিমান হাতে পেয়েছে তাইওয়ান। এই সরবরাহের মাধ্যমে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী হবে।

চীনের ক্রমবর্ধমান সামরিক তৎপরতার মুখে আকাশসীমার সার্বিক নিরাপত্তা জোরদার করতে বহুল প্রতীক্ষিত এফ-১৬ভি ব্লক ৭০ মডেলের দুটি যুদ্ধবিমান গ্রহণ করেছে তাইওয়ান। দীর্ঘ বিলম্বের পর শুক্রবার বিকেলে দেশটির পূর্বাঞ্চলীয় তাইতুং এলাকার চিয়াহাং বিমানঘাঁটিতে বিমান দুটি নিরাপদে অবতরণ করে। যুক্তরাষ্ট্রের কাছ থেকে নির্ধারিত ৬৬টি বিমানের চালানের মধ্যে এগুলোই প্রথম তাইওয়ানে পৌঁছাল।
২০১৯ সালে আমেরিকান বিমান প্রস্তুতকারক প্রতিষ্ঠান লকহীদ মার্টিনের সঙ্গে আট বিলিয়ন ডলারের চুক্তি সম্পাদন করে তাইওয়ান। ওই চুক্তির আওতায় ৬৬টি উন্নত এফ-১৬ভি যুদ্ধবিমান কেনা সম্পন্ন হলে তাইওয়ানের বিমান বহরে মোট এফ-১৬ এর সংখ্যা দুই শতাধিক ছাড়িয়ে যাবে। সফটওয়্যারের জটিলতা এবং সরবরাহ ব্যবস্থার ধীরগতির কারণে দীর্ঘদিন হস্তান্তরের প্রক্রিয়া পিছিয়ে থাকলেও শেষপর্যন্ত হাওয়াই ও গুয়াম দ্বীপ হয়ে যুদ্ধবিমান দুটি তাইওয়ানে পৌঁছায়।
সামাজিক যোগাযোগমাধ্যমে তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তে জানান, এই সরবরাহের মাধ্যমে দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ উন্নতি সাধিত হলো। তিনি সহায়তার জন্য মার্কিন প্রশাসনকে বিশেষ ধন্যবাদ জানান। অন্যদিকে দেশটির প্রতিরক্ষামন্ত্রী ওয়েলিংটন কু পার্লামেন্টে সাংবাদিকদের জানান, সামরিক শক্তি ব্যবহার করে তাইওয়ান নিয়ন্ত্রণের মনোভাব থেকে চীন কখনও সরে আসেনি। নিরাপত্তার স্বার্থে নির্দিষ্ট তারিখ প্রকাশ না করলেও অতি দ্রুত পরবর্তী চালানগুলোর যুদ্ধবিমান পৌঁছাবে বলে জানান তিনি।
উন্নত প্রযুক্তির রাডার, আধুনিক মারণাস্ত্র ও এভিওনিক্স সমৃদ্ধ এফ-১৬ভি বিমানগুলো চীনের বিপজ্জনক পঞ্চম প্রজন্মের জে-২০ স্টিল্থ ফাইটারের বিরুদ্ধে আকাশ প্রতিরক্ষায় কার্যক্ষম ভূমিকা রাখবে।
