বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশন ইনক., মেরিল্যান্ড-এর বার্ষিক গ্রীষ্মকালীন বনভোজন অনুষ্ঠিত
বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশন

বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশন ইনক., মেরিল্যান্ড-এর বার্ষিক গ্রীষ্মকালীন বনভোজন অনুষ্ঠিত
আনাপোলিস, মেরিল্যান্ড | ২৬ জুলাই ২০২৬: বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশন ইনক. (BCA), মেরিল্যান্ড-এর উদ্যোগে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক গ্রীষ্মকালীন বনভোজন ২০২৬। আনাপোলিসের মনোরম Sandy Point State Park-এর Heron & Osprey Shelter-এ আয়োজিত দিনব্যাপী এ অনুষ্ঠানে মেট্রো ওয়াশিংটন ডিসি, মেরিল্যান্ড ও ভার্জিনিয়া (DMV) এলাকার বিপুলসংখ্যক বাংলাদেশি পরিবার, অতিথি ও শুভানুধ্যায়ী অংশগ্রহণ করেন।
সকাল ১০টা থেকে সন্ধ্যা ৮টা পর্যন্ত চলা এ আয়োজনে ছিল সুস্বাদু খাবার, শিশু-কিশোর ও বড়দের জন্য বিভিন্ন খেলাধুলা, সাংস্কৃতিক পরিবেশনা, সংগীত এবং আনন্দঘন পারিবারিক আড্ডা। শিশু থেকে প্রবীণ—সব বয়সী মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি পরিণত হয় প্রাণবন্ত মিলনমেলায়।
যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা বার্ষিকী উপলক্ষে দুপুরে আয়োজন করা হয় বিশেষ পর্ব। এ সময় অংশগ্রহণকারীরা যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উদ্যাপনের পাশাপাশি দেশটির প্রতি শ্রদ্ধা ও শুভেচ্ছা প্রকাশ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন BCA-এর সাবেক প্রেসিডেন্টগণ, এবং উপদেষ্টামণ্ডলীর সদস্যরা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ থেকে আগত ঢাকার অবসরপ্রাপ্ত সহকারী বিশপ থেওটোনিয়াস গমেজ, CSC। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ থেকে আগত ব্রাদার লূক রঞ্জন পিউরিফিকেশন, CSC। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশি আমেরিকান কাউন্সিল, ইনক.-এর সভাপতি ও মেরিল্যান্ড গভর্নরের AAPI ও SAA কমিশনের সাবেক কমিশনার আনিস আহমেদ। তিনি মেরিল্যান্ড জেনারেল অ্যাসেম্বলির সম্মানিত ডেলিগেট লেসলি লোপেজের পক্ষ থেকে একটি বিশেষ শুভেচ্ছাবার্তা প্রদান করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন একাত্তর ফাউন্ডেশনের কর্ণধার কবীর পাটোয়ারী এবং ইস্ট কাউন্টি সিটিজেনস অ্যাডভাইজরি বোর্ডের বর্তমান চেয়ার রাদওয়ান চৌধুরীসহ অন্যান্য বিশিষ্ট অতিথি ও কমিউনিটি নেতৃবৃন্দ। দিনব্যাপী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অ্যাসোসিয়েশনের সেক্রেটারি বিভাস রোজারিও।
এবারের বনভোজনের অন্যতম আকর্ষণ ছিল BCA-এর ৩০ বছরের পথচলা স্মরণে আয়োজিত ৩০টিরও বেশি আকর্ষণীয় র্যাফেল পুরস্কার। দিনব্যাপী বিভিন্ন ধাপে লটারির মাধ্যমে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এতে অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও আনন্দের সৃষ্টি হয়।
BCA-এর নেতৃবৃন্দ বলেন, “বার্ষিক গ্রীষ্মকালীন বনভোজন শুধু বিনোদনের একটি আয়োজন নয়; এটি প্রবাসে বসবাসরত বাংলাদেশি খ্রিস্টানদের পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ব, সাংস্কৃতিক ঐতিহ্য ও বিশ্বাসের বন্ধনকে আরও সুদৃঢ় করার একটি গুরুত্বপূর্ণ মিলনমেলা।” তাঁরা ভবিষ্যতেও প্রবাসী বাংলাদেশি খ্রিস্টান সমাজের কল্যাণে বিভিন্ন ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। BCA-এর বর্তমান প্রেসিডেন্ট বিপুল এলিট গনছালভেস সফলভাবে অনুষ্ঠানটি সম্পন্ন করতে সহযোগিতা করার জন্য সকল সদস্য, স্বেচ্ছাসেবক, স্পন্সর, অতিথি ও অংশগ্রহণকারীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান এবং ভবিষ্যতের সকল কার্যক্রমে সবার অব্যাহত সহযোগিতা কামনা করেন।
ছবিতে দেখুন


