বরিশালে ভ্রাম্যমাণ লাইব্রেরির বিভাগীয় পাঠক সমাবেশ সম্পন্ন

শিল্প-সাহিত্য ৭ আগস্ট ২০২৬ ৩১০৯

বরিশালে অনুষ্ঠিত হয়েছে ‘দেশব্যাপী ভ্রাম্যমাণ লাইব্রেরি’ প্রকল্পের বিভাগীয় পাঠক সমাবেশ। ৬টি জেলার পাঁচ শতাধিক পাঠকের অংশগ্রহণে এতে শোভাযাত্রা, বইমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বরিশালে ভ্রাম্যমাণ লাইব্রেরির বিভাগীয় পাঠক সমাবেশ সম্পন্ন

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং গণগ্রন্থাগার অধিদপ্তরের ১৮০ দিনের কর্মপরিকল্পনার অংশ হিসেবে বরিশালে অনুষ্ঠিত হয়েছে বিভাগীয় পাঠক সমাবেশ। গত বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে বরিশাল বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার চত্বরে 'দেশব্যাপী ভ্রাম্যমাণ লাইব্রেরি (৩য় সংশোধিত)' প্রকল্পের অধীনে এই কর্মসূচির আয়োজন করা হয়। এতে বরিশাল বিভাগের ৬টি জেলার ৬টি ভ্রাম্যমাণ বইয়ের গাড়ি এবং পাঁচ শতাধিক পাঠক অংশ নেন। দিনব্যাপী কর্মসূচিতে আনন্দ শোভাযাত্রা, ভ্রাম্যমাণ বইমেলা, সাংস্কৃতিক পরিবেশনা ও পুরস্কার বিতরণ করা হয়।

বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) ড. মো. সাইফুল্লাহ বিন আনোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনার খলিল আহমেদ। বক্তব্যে তিনি শিক্ষার্থীদের সমাজের দর্পণ আখ্যা দিয়ে বলেন, বইপড়ার মাধ্যমে জ্ঞানের আলো ছড়িয়ে বৈষম্যমুক্ত সমাজ গঠন করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব ও প্রকল্প পরিচালক মু. বিল্লাল হোসেন খান, গণগ্রন্থাগার অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও হিসাব) মরিয়ম বেগম এবং বরিশাল বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারের প্রিন্সিপাল লাইব্রেরিয়ান (উপপরিচালক) মো. বেলায়েত হোসেন। শুরুতেই স্বাগত বক্তব্য দেন মো. বেলায়েত হোসেন।

বক্তব্যে প্রকল্প পরিচালক মু. বিল্লাল হোসেন খান জানান, সরকারের বিশেষ উদ্যোগে মানুষ বইপড়া, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও ক্রীড়ায় যুক্ত থাকলে তরুণ সমাজের প্রযুক্তি পণ্যের আসক্তি উল্লেখযোগ্য হারে কমবে। অন্যদিকে গণগ্রন্থাগারের পরিচালক মরিয়ম বেগম উল্লেখ করেন, বর্তমানে ৭৬টি ভ্রাম্যমাণ গাড়ির সাহায্যে দেশের মানুষের কাছে বই পৌঁছে দেওয়া হচ্ছে, ফলে সব শ্রেণিপেশার মানুষ পাঠাগার সুবিধা পাচ্ছেন।

সমাপনী বক্তব্যে সভাপতি ড. মো. সাইফুল্লাহ বিন আনোয়ার শিক্ষার্থীদের বড় স্বপ্ন দেখার পরমর্শ দেন এবং কঠোর পরিশ্রমে অর্জিত জ্ঞান দেশের কল্যাণে ব্যবহারের তাগিদ দেন। উল্লেখ্য, দেশের ছয়টি বিভাগের মধ্যে চারটিতে পাঠক সমাবেশ সম্পন্ন হয়েছে এবং শিগগিরই সিলেট ও ময়মনসিংহে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।

আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন