বাংলাদেশ সোসাইটির নির্বাচন-২০২৬ নেতৃত্বের প্রতি আস্থা: বর্তমান কমিটির ১৯ জন কর্মকর্তার মধ্যে ১৩ জনই ‘সেলিম-আলী’ প্যানেলের প্রার্থী

প্রবাস সংবাদ ২৯ আগস্ট ২০২৬ ২৯২৪
বাংলাদেশ সোসাইটির নির্বাচন-২০২৬  নেতৃত্বের প্রতি আস্থা: বর্তমান কমিটির ১৯ জন কর্মকর্তার মধ্যে ১৩ জনই ‘সেলিম-আলী’ প্যানেলের প্রার্থী

নিউইয়র্ক (ইউএনএ): বাংলাদেশ সোসাইটির ত্রি-বার্ষিক (২০২৭-২০২৯) নির্বাচনের ভোটগ্রহণ আগামী ২৫ অক্টোবর রোববার অনুষ্ঠিত হবে। গত সাধারণ সভার সিদ্ধান্ত মোতাবেক এবারই প্রথম তিন বছরের জন্য কার্যকারী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পাশাপাশি বর্তমান কার্যকরী পরিষদের ১৯ জন কর্মকর্তার স্থানে ২১ জন কর্মকর্তা সন্নিবেশিত হয়েছে। ফলে সোসাইটিতে নতুন নতুন মুখ আসছে। অতীতের নির্বাচনগুলোর মধ্যে এবারের নির্বাচন নানা দিক থেকে আলোচিত নির্বাচনে পরিণত হতে চলেছে বলে সংশ্লিষ্টরা ধারণা করছেন।

এদিকে নির্বাচন ঘিরে ইতিমধ্যেই দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতায় নামছে। সোসাইটির বর্তমান সভাপতি আতাউর রহমান সেলিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীর নেতৃত্বে পুনরায় ‘সেলিম-আলী’ প্যানেল, অন্যদিকে সাবেক সভাপতি আজমল হোসেন কুনু ও সন্দীপ সোসাইটি ইউএসএ’র সভাপতি ফিরোজ আহমেদের নেতৃত্বে ‘কুনু-ফিরোজ’ প্যানেল প্রচারণা শুরু করেছে।

অন্যদিকে বর্তমান কার্যকরী কমিটির ১৯ জন সদস্যের মধ্যে ১৩ জন কর্মকর্তা ‘সেলিম-আলী’র সফল নেতৃত্বের প্রতি আস্থা রেখে পুনরায় এই প্যানেলের সাথেই থেকে আবার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। উল্লেখ্য, বিগত নির্বাচনে ‘সেলিম-আলী’ প্যানেল পূর্ণ প্যানেলে জয়লাভ করেছিল। খবর ইউএনএ’র।

পূজার কারণে বাংলাদেশ সোসাইটির এবারের নির্বাচনী কর্মকাণ্ডে পরিবর্তনের ফলে আগামী ২ সেপ্টেম্বর শুরু হচ্ছে মনোনয়নপত্র বিতরণ। পরবর্তীতে ধাপে ধাপে অন্যান্য কার্যক্রম চলবে। নির্বাচন হবে ২৫ অক্টোবর। কিন্তু তার আগেই সংশ্লিষ্ট প্যানেল ও প্রার্থীরা প্রচারণায় নেমেছেন। প্যানেল দুটির সভা-সমাবেশের পাশাপাশি চলছে প্রার্থী বাছাই।

সোসাইটির বর্তমান কমিটির কার্যকরী পরিষদের একাধিক কর্মকর্তার সাথে কথা বলে জানা গেছে, তারা বর্তমান সভাপতি আতাউর রহমান সেলিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীর নেতৃত্বে পুনরায় ‘সেলিম-আলী’র নেতৃত্ব ও কর্মকাণ্ডের ফলে এই প্যানেলের সাথেই পুনরায় নির্বাচন করতে আগ্রহী। তাদের দাবি, সোসাইটি পরিচালনায় ‘সেলিম-আলী’ প্যানেল তথা বর্তমান কার্যকরী পরিষদের অনেক সাফল্যও রয়েছে। আর কিছু কাজ চলমান রয়েছে। আমাদের কার্যকরী কমিটির মেয়াদ শেষ হওয়ার আগেই নির্বাচনী প্রতিশ্রুতিগুলো সম্পন্ন হবে বলে আশা করছি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বর্তমান কার্যকরী পরিষদের যারা ‘সেলিম-আলী’ প্যানেলের সাথেই রয়েছেন তারা হলেন—

সভাপতি আতাউর রহমান সেলিম

সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী

সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দিন দেওয়ান

সহ-সভাপতি কামরুজ্জামান কামরুল

সাংগঠনিক সম্পাদক ডিউক খান

সাংস্কৃতিক সম্পাদক অনিক রাজ

জনসংযোগ ও প্রচার সম্পাদক রিজু মোহাম্মদ

স্কুল ও শিক্ষা সম্পাদক মোহাম্মদ হাসান (জিলানী)

এবং নির্বাহী সদস্য: হারুন রশিদ (চেয়ারম্যান), জাহাঙ্গীর শহীদ সোহরাওয়ার্দী, আবুল কাশেম চৌধুরী, মুনসুর আহমেদ ও হাসান খান।

তাদের সাথে আরও নতুন মুখ যোগ দিচ্ছেন বলে জানা গেছে। এদের মধ্যে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গসহ সোসাইটির সাবেক কর্মকর্তা ও পরিচিত মুখ থাকবেন।

আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন