নিউইয়র্কে ফটিকছড়ির সংসদ সদস্য সারোয়ার আলমগীরকে নাগরিক সংবর্ধনা প্রদান

প্রবাস সংবাদ ৩ অক্টোবর ২০২৬ ৪৭৩৭

আমেরিকার নিউইয়র্কে প্রবাসী চট্টগ্রামবাসীর উদ্যোগে ফটিকছড়ির সংসদ সদস্য সারোয়ার আলমগীরকে সংবর্ধনা দেওয়া হয়েছে। ২৫ সেপ্টেম্বর আয়োজিত এই সভায় প্রবাসী বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউইয়র্কে ফটিকছড়ির সংসদ সদস্য সারোয়ার আলমগীরকে নাগরিক সংবর্ধনা প্রদান

মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের চার্চ-ম্যাকডোনাল্ড এলাকার রাঁধুনী রেস্তোরাঁয় ২৫ সেপ্টেম্বর ফটিকছড়ির সংসদ সদস্য সারোয়ার আলমগীরের সম্মানে এক সংবর্ধনা সভার আয়োজন করা হয়। চট্টগ্রাম সমিতি নিউইয়র্কের সাবেক সভাপতি ও প্রধান উপদেষ্টা মোহাম্মদ হানিফের সার্বিক উদ্যোগে এই আয়োজন সম্পন্ন হয়।

উক্ত সভায় সভাপতিত্ব করেন মোহাম্মদ হানিফ এবং সঞ্চলনার দায়িত্বে ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম। অনুষ্ঠানে নিউইয়র্ক সিটির কাউন্সিলওম্যান শাহানা হানিফ, চট্টগ্রাম সমিতির বর্তমান সভাপতি আবু তাহের, সাবেক সভাপতি কাজী শাখাওয়াত হোসেন আজম এবং ওয়াশিংটন ডিসি থেকে আসা বিশিষ্ট কবি ও লেখক সামছুদ্দীন মাহমুদসহ স্থানীয় প্রবাসী সম্প্রদায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে এমপি সারোয়ার আলমগীর আয়োজকদের প্রতি ধন্যবাদ জানান। তিনি মোহাম্মদ হানিফের পরিবারের সঙ্গে তাঁর সুদীর্ঘ সম্পর্কের কথা স্মরণ করে উল্লেখ করেন, হানিফ সবসময় তাঁর জ্যেষ্ঠ ভ্রাতার মতো পাশে ছিলেন। নিউইয়র্কে পৌঁছানোর পর শুরুতেই তাঁর আতিথেয়তা পেয়ে তিনি উৎফুল্ল প্রকাশ করেন। ফটিকছড়ির নানা সামাজিক ও অবকাঠামোগত সমৃদ্ধির চিত্র তুলে ধরার পাশাপাশি এলাকাকে সন্ত্রাসমুক্ত করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। এছাড়া ফটিকছড়ি আসনে তাকে প্রার্থী হিসেবে বেছে নেওয়ার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আলোচনায় কাউন্সিলওম্যান শাহানা হানিফ জানান, প্রবাসে জন্ম ও বেড়ে উঠলেও তাঁর মূল শিকড় ফটিকছড়িতে। সারোয়ার আলমগীরের মতো নেতৃত্ব ফটিকছড়িবাসী পেয়েছে বলে তিনি সন্তোষ জানান এবং আশা ব্যক্ত করেন যে, তিনি ফটিকছড়ির পাশাপাশি পুরো দেশের সার্বিক অগ্রগতিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে প্রয়োজনীয় সহযোগিতা দেবেন। সভা শেষে কবি সামছুদ্দীন মাহমুদ তাঁর নিজের লেখা দুখানি বই সংসদ সদস্যের হাতে প্রীতি উপহার হিসেবে তুলে দেন।

আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন