নিউইয়র্কের টাইমস স্কয়ারে দুই দিনব্যাপী মহালয়া ও শারদোৎসবের প্রস্তুতি

প্রবাস সংবাদ ৩ অক্টোবর ২০২৬ ৩০৭২

নিউইয়র্কের বিখ্যাত টাইমস স্কয়ারে আগামী ১০ ও ১১ অক্টোবর অনুষ্ঠিত হবে দুদিনব্যাপী মহালয়া ও দুর্গাপূজার উৎসব। পূজা-অর্চনা, ধুনুচি নাচ, গীতাপাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে মেতে উঠবেন প্রবাসী বাঙালিরা।

নিউইয়র্কের টাইমস স্কয়ারে দুই দিনব্যাপী মহালয়া ও শারদোৎসবের প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের টাইমস স্কয়ার প্রাঙ্গণে আগামী ১০ ও ১১ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দিনব্যাপী শারদোৎসব। এই আয়োজনে মহালয়ার চণ্ডীপাঠের পাশাপাশি থাকছে খুদেদের গীতা আবৃত্তি, পূজা, অঞ্জলি, ধুনুচি নৃত্য ও সংগীত অনুষ্ঠান। বিশ্বজুড়ে পরিচিত বিভিন্ন শিল্পীর পরিবেশনা উৎসবটিকে বর্ণিল করে তুলবে।

মহোৎসবটির প্রস্তুতি ও সার্বিক পরিকল্পনা জানাতে ২৭ সেপ্টেম্বর নিউইয়র্কে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন কালচারাল অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের সভাপতি ও উপদেষ্টা অশোক রক্ষিত, সংগঠনের সভাপতি শশধর হাওলাদার, সাধারণ সম্পাদক নিরুপমা সাহা ও হিন্দু সমাজের প্রতিনিধি নবেন্দু দত্ত। এ ছাড়া বেদান্ত সোসাইটির রিনা সাহা, আড্ডা একাডেমির আলপনা গুহ এবং উদযাপন কমিটির অনুপম দত্ত, রোহান রাওয়াত ও সোমা মুখার্জি তাঁদের বক্তব্য তুলে ধরেন। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন পুরোহিত প্রবাস চক্রবর্তী এবং সাংস্কৃতিক সংগঠক মালবিকা চ্যাটার্জি ও চন্দ্রা ব্যানার্জী।

সংগঠনটির সভাপতি শশধর হাওলাদার জানান, ১০ অক্টোবর শনিবার বেলা ১১টায় সত্যম রায় চৌধুরীর চণ্ডীপাঠের মধ্য দিয়ে মহালয়ার পর্ব শুরু হবে। এরপর সুতিপা চৌধুরীর দিকনির্দেশনায় প্রবাসে বেড়ে ওঠা ছোটদের গীতাপাঠ অনুষ্ঠিত হবে। মালবিকা চ্যাটার্জির পরিচালনায় সংগীত সাধনা একাডেমির উদ্বোধনী পরিবেশনার পর চন্দ্রা ব্যানার্জীর তত্ত্বাবধানে নৃত্যাঞ্জলির ৬০ জনের অধিক শিল্পী নাচ পরিবেশন করবেন। এই অংশে বাফা ও আড্ডার সদস্যরাও অংশ নেবেন। প্রথম দিনের সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করবেন শাহ মাহবুব এবং পশ্চিমবঙ্গের শিল্পী মেঘলা দাশ গুপ্ত।

উৎসবের দ্বিতীয় দিন অর্থাৎ ১১ অক্টোবর রবিবার সকাল ১০টায় পূজা শুরু হবে এবং বিকেল ৩টায় থাকবে অঞ্জলি নিবেদন। এদিন দর্শকদের জন্য থাকবে নৃত্যাঞ্জলির বিশেষ ধুনুচি নাচের আয়োজন। পরবর্তীতে ওপার বাংলার শিল্পী দিয়াসিনী রায় এবং জোজো মুখার্জি ও তাঁর ব্যান্ডের গানের পাশাপাশি অতিথি শিল্পী হিসেবে ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়ও অংশ নেবেন বলে নিশ্চিত করেছেন সাধারণ সম্পাদক নিরুপমা সাহা।

আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন