ঢালিউড অ্যাওয়ার্ডের ২৫ বছর পূর্তিতে নিউইয়র্কে জমকালো 'মিট দ্য প্রেস' অনুষ্ঠিত

আইরিন রহমান, বিশেষ প্রতিনিধি
বহির্বিশ্বে বাংলা সংস্কৃতি ও বিনোদন জগতের প্রবাসীদের সবচেয়ে বড় উৎসব 'ঢালিউড মিউজিক অ্যান্ড ফিল্ম অ্যাওয়ার্ড'-এর ২৫ বছর পূর্তি (সিলভার জুবিলি) উদযাপনের প্রাক্কালে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এক সংবাদ সম্মেলন ও 'মিট দ্য প্রেস' অনুষ্ঠিত হয়েছে। আগামী ১০ অক্টোবর, ২০২৬ (শনিবার) নিউইয়র্কের লং আইল্যান্ড সিটির ইভানজেল চার্চ সেন্টারে (Evangel Church Center, 3920 27th St, LIC, NY 11101) অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত এই ‘ঢালিউড অ্যাওয়ার্ড ২০২৬’। অনুষ্ঠানটি সফলভাবে পরিচালনা ও উপস্থাপন করেন প্রবাসের জনপ্রিয় উপস্থাপক এবং ঢালিউড অ্যাওয়ার্ডসের অন্যতম আয়োজক শারমিন সিরাজ সোনিয়া।
'মিট দ্য প্রেস' আয়োজনের মূল আলোচ্য বিষয়সমূহ: নেপথ্য পরিকল্পনা ও সার্বক্ষণিক যোগাযোগ: অনুষ্ঠানের অন্যতম মূল আয়োজক শারমিন সিরাজ সোনিয়া জানান, রূপালী জয়ন্তীর এই আয়োজনকে জাঁকজমকপূর্ণ করতে তিনি মূল আয়োজক প্রতিষ্ঠান 'শোটাইম মিউজিক'-এর প্রধান আলমগীর খান আলমের সাথে নিয়মিত যোগাযোগ রেখে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করছেন। প্রধান অতিথির বক্তব্য: সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শোটাইম মিউজিক অ্যান্ড প্লে’র প্রেসিডেন্ট খায়রুল ইসলাম খোকন। তিনি গত ২৫ বছরের দীর্ঘ পথচলা এবং প্রবাসী বাঙালিদের জন্য এ জাতীয় মানসম্পন্ন আয়োজনের গুরুত্ব তুলে ধরেন।
উদ্যোক্তা ও সাংবাদিকদের মতামত: ঢালিউড অ্যাওয়ার্ডস সিলভার জুবিলির অন্যতম উদ্যোক্তা ও বিশিষ্ট ব্যবসায়ী রকি এলিয়েন উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং অনুষ্ঠান আয়োজনের নানাদিক উপস্থাপন করেন। ভয়েস অব আমেরিকা খ্যাত প্রবীণ সাংবাদিক ও কলামিস্ট আকবর হায়দার কিরন বলেন, “ঢালিউড অ্যাওয়ার্ডসের প্রবর্তক আলমগীর খান আলম ভাইকে আমরা খুব মিস করছি। তিনি বর্তমানে ঢাকায় অবস্থান করলেও, অনুষ্ঠানে তাঁর তৈরি শুভেচ্ছা বার্তাটি বড় পর্দায় দেখার প্রত্যাশা রাখছি।”
২৫ বছর পূর্তির মূল আকর্ষণে থাকবেন যারা: সংবাদ সম্মেলনে জানানো হয়, ১০ অক্টোবরের মূল মঞ্চে উপস্থিত থাকবেন দেশের শীর্ষ চলচ্চিত্র তারকা (মেগা স্টার) শাকিব খান। এছাড়াও সম্মানিয় অতিথি হিসেবে থাকবেন ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড ও চ্যানেল আই-এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, উদ্যোক্তা কোনা রেজা, খ্যাতিমান অভিনেতা, পরিচালক ও লেখক আফজাল হোসেন এবং বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের সদস্য ড. মোহাম্মদ এনামুল হক। অনুষ্ঠানটির উদ্বোধন করবেন অল কান্টি হোম কেয়ার-এর চেয়ারম্যান সিফা আমীন। চলচ্চিত্র, সংগীত, ফ্যাশন ও বিনোদন জগতের বাংলাদেশ ও ভারতের একঝাঁক তারকা এই জমকালো সন্ধ্যায় মঞ্চ মাতাবেন।
ছবিতে দেখুন




