জিয়া ও খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন মির্জা আব্বাস
পাঁচ মাস চিকিৎসা শেষে মালয়েশিয়া থেকে দেশে ফিরেই জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সেখানে তিনি পুষ্পস্তবক অর্পণ করে প্রার্থনা করেন।

দীর্ঘ পাঁচ মাসের চিকিৎসা প্রক্রিয়া শেষ করে বুধবার রাতে মালয়েশিয়া থেকে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।
পরদিন বৃহস্পতিবার সংসদের অধিবেশন সমাপ্তির পর তিনি গাড়ি থেকে নেমে হুইলচেয়ারে চড়ে জিয়ারতস্থলে যান। সেখানে জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।
শ্রদ্ধা নিবেদনের পর এই বিএনপি নেতা কিছু সময় নীরবে দাঁড়িয়ে ফাতেহা পাঠ করেন এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন। এ কর্মসূচিতে তাঁর সঙ্গে দলের নেতা-কর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।
