জুলাই অভ্যুত্থানের সার্বিক কৃতিত্ব সাধারণ মানুষের, একক কারও নয়: তথ্যমন্ত্রী
জুলাই গণঅভ্যুত্থান কোনো নির্দিষ্ট ব্যক্তি বা গোষ্ঠীর নয়, বরং এর মূল দাবিদার দেশের সাধারণ মানুষ বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে 'জুলাই গণঅভ্যুত্থান ও বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ' শীর্ষক এক আলোচনা সভায় এসব মন্তব্য করেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। শুক্রবার (৭ আগস্ট) এই সভার আয়োজন করে ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি।
তথ্যমন্ত্রী জানান, সাধারণ মানুষের আত্মত্যাগ, অবাধ নির্বাচন, জনগণের প্রতিনিধি দ্বারা সরকার পরিচালনা, সংসদের সক্রিয় ভূমিকা এবং সরকারপ্রধান তারেক রহমানের দিকনির্দেশনার মাধ্যমে দেশে গণতান্ত্রিক চর্চাকে প্রাতিষ্ঠানিক ভিত্তি দেওয়ার সুযোগ তৈরি হয়েছে। তবে এই সুযোগের সঠিক ব্যবহার না হলে প্রাপ্ত অর্জন হাতছাড়া হয়ে যাওয়ার ঝুঁকি রয়েছে। তিনি উল্লেখ করেন, পরিস্থিতি বিবেচনায় সরকার নানা পদক্ষেপ নিয়েছে এবং এর বাস্তবায়নে অন্যান্য রাজনৈতিক ও সামাজিক শক্তিগুলোর ইতিবাচক অংশগ্রহণ প্রত্যাশা করেন।
জহির উদ্দিন স্বপন ক্ষোভ প্রকাশ করে বলেন, বর্তমানে একটি গোষ্ঠী আন্দোলনের সুফল নিজেদের নামে চালানোর প্রতিযোগিতায় লিপ্ত রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে কে কত বেশি জনপ্রিয় হবে বা বড় তারকা হিসেবে আবির্ভূত হবে, তা নিয়ে অপ্রয়োজনীয় তৎপরতা চলছে। তবে বিএনপির চেয়ারম্যান ও সরকারপ্রধান তারেক রহমান প্রথম থেকেই সব বিজয়ের মালিক হিসেবে জনগণকেই চিহ্নিত করেছেন। তাই কৃতিত্ব নেওয়ার অহেতুক মানসিকতা পরিহার করে সাধারণ মানুষের অবদানকে সশ্রদ্ধ স্বীকৃতি দেওয়ার অনুরোধ জানান তিনি।
