গাজায় নিহত বেড়ে ৭৪ হাজার ২২৯, ধ্বংসস্তূপ থেকে মরদেহ উদ্ধার অব্যাহত
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় মোট প্রাণহানি বেড়ে ৭৪ হাজার ২২৯ জনে দাঁড়িয়েছে। এ পর্যন্ত আহত ফিলিস্তিনির সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭৫ হাজার ১৮৮ জনে।

গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর ধারাবাহিক হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৪ হাজার ২২৯ জনে পৌঁছেছে। স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে শনিবার (৩ অক্টোবর) জানানো হয়, এ পর্যন্ত হামলায় জখম ফিলিস্তিনির সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭৫ হাজার ১৮৮ জনে।
গত ২৪ ঘণ্টায় আরও ৭ জনের প্রাণহানি রেকর্ড করা হয়েছে। তাঁদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় দুইজনের মৃত্যু হয় এবং একজনের লাশ নতুন করে উদ্ধার করা হয়। এই একই সময়ে আহত হয়েছেন অন্তত ২০ জন।
স্বাস্থ্য দপ্তরের প্রতিবেদন অনুসারে, ২০২৪ সালের অক্টোবরে সাময়িক ‘যুদ্ধবিরতি’ ঘোষণার পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় ১ হাজার ৪৪৫ জন ফিলিস্তিনি নিহত ও ৫ হাজার ৫২ জন আহত হয়েছেন। এই মেয়াদে ধ্বংসস্তূপ সরিয়ে ৮৩৫টি লাশ উদ্ধার করা হয়।
এদিকে গত বৃহস্পতিবার প্রায় তিন বছর আগের ইসরায়েলি বিমান হামলায় ধ্বংস হওয়া একটি আবাসিক ভবন থেকে ১০৫টি মরদেহ উদ্ধার করা হয়। পরবর্তীতে স্বজনদের উপস্থিতিতে শতাধিক মানুষের মর্মান্তিক গণজানাজা ও দাফন অনুষ্ঠিত হয়।
