ক্যাম্প ডেভিডে মার্কিন শীর্ষ সামরিক ও প্রশাসনিক কর্মকর্তাদের গোপন বৈঠক
মধ্যপ্রাচ্য সংকট, ইরান পরিস্থিতি এবং ইয়েমেনের হুথি ইস্যু নিয়ে কৌশল নির্ধারণ করতে ক্যাম্প ডেভিডে রুদ্ধদ্বার বৈঠক করেছেন ট্রাম্প প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্ত্রিসভার প্রভাবশালী সদস্য, গোয়েন্দা প্রধান ও সেনাপ্রধান গত শুক্রবার (২ অক্টোবর) ক্যাম্প ডেভিডে একটি গোপন বৈঠকে অংশ নিয়েছেন। ইয়েমেনের হুথি বিদ্রোহী ও ইরান সংঘাত পরবর্তী করণীয় নির্ধারণই ছিল এই আলোচনার মূল লক্ষ্য। গোপনীয়তার সঙ্গে আয়োজিত এই গুরুত্বপূর্ণ বৈঠকের বিষয়ে মার্কিন প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে আগে কিছু জানানো হয়নি।
ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের সভাপতিত্বে এই সভায় অংশ নেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ, হোয়াইট হাউসের প্রতিনিধি স্টিভ উইটকফ, সিআইএ পরিচালক জন র্যাটক্লিফ এবং সেনাপ্রধান জেনারেল ড্যান কেইন। মধ্যপ্রাচ্য বিষয়ে এতে কোনো বড় সিদ্ধান্ত অথবা গভীর আলোচনা অনুষ্ঠিত হয়েছে বলে এক কর্মকর্তা নিশ্চিত করেছেন। এর আগে ২০২৫ সালের জুনে অনুষ্ঠিত অনুরূপ এক সভার পরপরই ইসরায়েল ও ইরানের মধ্যে সামরিক সংঘাত ছড়িয়ে পড়েছিল।
বর্তমানে ইরানের সঙ্গে কূটনৈতিক আলোচনা থমকে যাওয়ায় দেশটির বিরুদ্ধে পুনরায় সামরিক পদক্ষেপের কথা ভাবছেন ট্রাম্প। গত বৃহস্পতিবার তিনি জানান, ইরানকে চুক্তি করতে হবে, তা না হলে নিজেদের অস্তিত্বের সংকটে পড়তে হবে। একই সময়ে ইয়েমেনের হুথিদের বিরুদ্ধে সামরিক অভিযান জোরদার করতে ট্রাম্পের ওপর সৌদি আরবের চাপ রয়েছে। রুদ্ধদ্বার বৈঠক চলার সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট ইঙ্গিত দেন, ইরানকে কেন্দ্র করে গুরুত্বপূর্ণ কার্যক্রম চলমান রয়েছে এবং দেশটির সার্বিক অবস্থা সুবিধার নয়।
