ইস্টার্ন রিফাইনারির সম্প্রসারণে আইএসডিবির ১০০ কোটি ডলারের অর্থায়ন চুক্তি
ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়ন ও সক্ষমতা বাড়াতে ১০০ কোটি ডলার অর্থায়নের লক্ষ্যে বাংলাদেশ সরকার ও আইএসডিবির মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়ন ও পরিধি বাড়াতে ১ হাজার ৪ দশমিক ২৯ মিলিয়ন (প্রায় ১ বিলিয়ন) মার্কিন ডলার অর্থায়ন করছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইএসডিবি)। ২০৩০ সালের নভেম্বরের মধ্যে এই উদ্যোগের বাস্তবায়ন কাজ সম্পন্ন করার সময়সীমা নির্ধারণ করা হয়েছে।
বৃহস্পতিবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ও আইএসডিবি গ্রুপের চেয়ারম্যান ড. মুহাম্মদ আল জাসেরের সান্নিধ্যে এই সমঝোতা চুক্তি সই হয়। সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) অতিরিক্ত সচিব ড. মো. মিজানুর রহমান এবং আইএসডিবি গ্রুপের পক্ষে সংস্থাটির কান্ট্রি প্রোগ্রামসের ডিরেক্টর জেনারেল আনাসি আইসামি চুক্তিতে নিজ নিজ পক্ষে সই করেন।
প্রকল্পটি পূর্ণাঙ্গ রূপ পেলে রিফাইনারিতে প্রতি বছর অতিরিক্ত ৩০ লাখ মেট্রিক টন অপরিশোধিত জ্বালানি তেল শোধনের নতুন অবকাঠামোগত ক্ষমতা তৈরি হবে। এর ফলে দেশের পেট্রোলিয়াম পণ্যের সামগ্রিক চাহিদার প্রায় ৪৫ থেকে ৫০ শতাংশ অভ্যন্তরীণ উৎস থেকেই সংস্থান করা সম্ভব হবে।
উক্ত স্বাক্ষর অনুষ্ঠানে অন্যদের মধ্যে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
